ঝুঁকি আছে, তবু চলছে যানবাহন

সেতুটির মাঝামাঝি তৈরি হয়েছে বড় একটি গর্ত। বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ফাটল। হালকা যানবাহন উঠলেই সেতুটি কাঁপতে থাকে। বড় দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষ শুধু মানুষ ও জরুরি প্রয়োজনে রিকশাভ্যান-জাতীয় হালকা যানবাহন চলাচলের জায়গা রেখে বাঁশের বেড়া দিয়েছে, ঝুলিয়েছে সতর্কতামূলক নোটিশ। এ অবস্থা দিনাজপুরের বিরামপুর উপজেলার বিরামপুর-আয়ড়া সড়কের ভেলারপাড়ের সেতুর।
কিন্তু এসব সতর্কতামূলক নির্দেশনা উপেক্ষা করে উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের ঝুঁকিপূর্ণ এই সেতু দিয়ে চলাচল করছে ভারী যানবাহন। এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করা হচ্ছে।
সরেজমিন গত শনিবার দেখা গেছে, সেতু দিয়ে পণ্যবোঝাই পাওয়ার ট্রিলার, ভটভটি, যাত্রীবোঝাই ইজিবাইক চলাচল করছে। একসঙ্গে একাধিক যানবাহনও উঠে পড়ছে সেতুটিতে। পণ্যবোঝাই যানবাহনগুলো ওঠার সঙ্গে সঙ্গেই সেতুটিতে শুরু হচ্ছে ঝাঁকুনি।
এলজিইডির প্রকৌশলী মাহমুদ জামান বলেন, সেতুটি খুবই ঝুঁকিপূর্ণ হওয়ায় শুধু জরুরি প্রয়োজনে রিকশাভ্যান চলাচলের ব্যবস্থা রাখা হয়েছে। এ অবস্থায় ভারী যানবাহন চলাচল করলে যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। দ্রুত নতুন করে সেতু নির্মাণের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
বিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পারভেজ কবির বলেন, এখানে দ্রুত সেতু নির্মাণের জন্য তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছেন। ঝুঁকিপূর্ণ সেতু পারাপারে জনগণকে ধৈর্য ও সচেতন হয়ে বিকল্প পথে চলাচলের পরামর্শ দেন তিনি।
বিরামপুর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কার্যালয় সূত্রে জানা যায়, প্রায় মাস তিনেক আগে ভেলারপাড়ার সেতুটির মাঝখানে ধসে গিয়ে একটি গর্ত তৈরি হয়। এর পরপরই কর্তৃপক্ষ সেতুটিতে বেড়া ও সতর্কতামূলক নোটিশ ঝোলায়।
সেতু দিয়ে চলাচলকারী পাওয়ার ট্রিলার চালক সাইফুল ইসলাম (২৫), ইজিবাইকচালক দিলবর আলী (২৭), ভটভটিচালক নাজির হোসেন (৩৫) বলেন, বিরামপুর থেকে ভেলারপাড়, গংগাপুর, কেটরা, একইরসহ মুকুন্দপুর, বিনাইল ও জোতবানী ইউনিয়নের বাসিন্দাদের চলাচলের মূল সড়কটির ওপর এ সেতুটি। এ সড়ক দিয়ে চলাচল না করলে লোকজনের প্রায় ১০ কিলোমিটার ঘুরে উপজেলা সদরে যেতে হয়। তাই ঝুঁকিপূর্ণ জেনেও বাধ্য হয়েই সেতু দিয়ে চলাচল করছে তারা।
মুকুন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ. লতিফ মাস্টার বলেন, ১৯৭৮ সালের দিকে সেতুটি নির্মাণ করা হয়। বিরামপুরের সাত ইউনিয়নের মধ্যে তিনটি ইউনিয়নের চলাচলের মূল সড়কটিতেই সেতুটির অবস্থান। কিন্তু সেতুটিতে গর্ত ও ফাটল তৈরি হওয়ায় চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এতে ওই তিন ইউনিয়নের প্রায় ২০ হাজার মানুষ ভোগান্তি পোহাচ্ছে।