ঝুঁকি ও দুর্যোগ মোকাবিলা দুটিরই শীর্ষে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কানকুন সম্মেলনের প্রেক্ষাপটে জলবায়ু পরিবর্তনে বিপন্ন দেশগুলোর ঝুঁকি ও ক্ষতি নিয়ে দুটি প্রতিবেদন প্রকাশ করেছে প্রভাবশালী গবেষণা সংস্থাগুলো। প্রতিষ্ঠানগুলো হচ্ছে জার্মানভিত্তিক ‘জার্মান ওয়াচ’, স্পেনভিত্তিক ‘ডারা’ ও জলবায়ু ঝুঁকির মুখে থাকা দেশগুলোর সংগঠন ‘ক্লাইমেট ভালনারেবল ফোরাম’। দুয়ের মধ্যে একটি সমীক্ষা যৌথভাবে ডারা ও ক্লাইমেট ভালনারেবল ফোরামের করা। দুই প্রতিবেদনেই চরম আবহাওয়ার কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশের তালিকার শীর্ষে রয়েছে বাংলাদেশের নাম।জার্মান ওয়াচের প্রতিবেদনে দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের নেওয়া উদ্যোগ সবচেয়ে সফল বলে দেখানো হয়েছে। প্রতিবেদন দুটিতে বলা হয়েছে, জলবায়ু পরিবর্তনের কারণে স্বল্পোন্নত দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশ, মিয়ানমার ও হন্ডুরাস। নারী ও শিশুদের ক্ষতির মাত্রা সবচেয়ে বেশি। দ্রুত জলবায়ু পরিবর্তন রোধে কোনো উদ্যোগ নেওয়া না গেলে ঝুঁকি ও ক্ষতির পরিমাণ অনেক বেড়ে যাবে।এদিকে একটি ন্যূনতম সফলতা নিয়ে আসার জন্য মেক্সিকো সরকার জলবায়ু বিপন্ন, ক্ষতিগ্রস্ত ও ঝুঁকির মুখে থাকা ও স্বল্পোন্নত ২০টি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানকে সম্মেলনে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে। সম্মেলনে যোগ দেওয়ার ব্যাপারে গতকাল পর্যন্ত কোনো রাষ্ট্র বা সরকারপ্রধানই নিশ্চিত করেননি। তবে লাতিন আমেরিকা, আফ্রিকা ও ক্ষুদ্র দ্বীপ রাষ্ট্রগুলো থেকে কয়েকজন সরকারপ্রধান যোগ দেবেন বলে জানা গেছে। প্রতিবেদনের ভাষ্য: ‘দুর্যোগের ঝুঁকির সূচক-২০১১’ শীর্ষক জার্মান ওয়াচের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে ১৯৯০ থেকে ২০০৯ সাল পর্যন্ত ২৫৯টি প্রাকৃতিক দুর্যোগে ক্ষতি হয়েছে ২০৮৬ দশমিক ১৪ মিলিয়ন ডলার। জিডিপির হিসাবে তা ১ দশমিক ৬৭ শতাংশ। চলতি প্রতিবেদনটি মূলত বন্যা, ঝড় ও তাপদাহের মতো চরমভাবাপন্ন আবহাওয়াগত ঘটনার ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এতে ১৯৯০ থেকে ২০০৯ সাল পর্যন্ত সারা বিশ্বে সংঘটিত প্রাকৃতিক দুর্যোগের তথ্য উপস্থাপন করা হয়েছে। জার্মান ওয়াচের প্রতিবেদনে সুপারিশ হিসেবে বলা হয়েছে, দুর্যোগ হ্রাসের প্রস্তুতি বাবদ যদি এক ডলার খরচ করা হয় তাহলে দুর্যোগের কারণে ক্ষতির পরিমাণ কমে যাবে আড়াই ডলার। ত্রাণ বাবদ খরচ বাঁচবে ১৩ ডলার। অন্যদিকে ডারা ও ক্লাইমেট ভালনারেবল ফোরামের যৌথ প্রতিবেদন ‘ক্লাইমেট ভালনারেবিলিটি-২০১০: দ্য স্টেট অব ক্লাইমেট ক্রাইসিস’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে, এই মুহূর্তে কোনো প্রতিকারের উদ্যোগ নেওয়া না হলে ২০৩০ সাল নাগাদ বছরে ১০ লাখ লোক জলবায়ু পরিবর্তনের কারণে মারা যাবে। এতে উল্লেখ করা হয়, বর্তমানে জলবায়ু পরিবর্তনের কারণে বছরে সাড়ে তিন লাখ লোকের মৃত্যু হয়। ২০৩০ সাল নাগাদ বিশ্বের ১৭০টি দেশ জলবায়ু ঝুঁকির মুখে পড়তে পারে বলেও প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়েছে।