ঝুঁকি কমলেও বেড়েছে দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্টেডিয়াম এলাকায় যেতে নরসিংদী পৌর শহরের সাহেপ্রতাব মহল্লার ব্যবসায়ী নুরুজ্জামান রিকশায় উঠেছেন। শহরের আরশীনগর এসে দেখেন লেভেল ক্রসিংয়ে গেট বন্ধ। ১০ মিনিটের বেশি সময় পার হওয়ার পরও ট্রেন আসছিল না। ততক্ষণে ক্রসিংয়ের দুই পাশে যানবাহনের সারি আরও দীর্ঘ হয়। একপর্যায়ে ট্রেন আসার আগেই হেঁটে ক্রসিংয়ের ওপারে গিয়ে অন্য রিকশায় ওঠেন তিনি।
ঘটনাটি ২১ অক্টোবরের। নুরুজ্জামানের মতো শহরবাসীর ভোগান্তি বাড়ার কারণ লেভেল ক্রসিংয়ে অটো সিগন্যাল সিস্টেম (গেট ওঠানো-নামানোর স্বয়ংক্রিয় ব্যবস্থা)।
রেলওয়ে স্টেশনমাস্টারের কার্যালয় সূত্র জানায়, এত দিন লেভেল ক্রসিংয়ের গেট ম্যানুয়াল সিস্টেমে (হাতে) ওঠানো-নামানো হতো। এটা স্টেশনমাস্টারের কক্ষ থেকে নিয়ন্ত্রণ করা হতো। এভাবে কয়েক মিনিটের মধ্যে গেট ওঠানো-নামানো সম্ভব হতো। যানজট সৃষ্টি হলেও তা ছিল সহনীয়। কিন্তু কয়েক মাস আগে ডাবল লাইন চালু হওয়ার পর শহরের এ লেভেল ক্রসিংটি অটো সিগন্যাল সিস্টেমের আওতায় চলে আসে। এতে ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেনগুলো নরসিংদীর আগের স্টেশন জিনারদী ছাড়ার পর এই গেট বন্ধ হচ্ছে। আবার ঢাকাগামী ট্রেনগুলো একইভাবে খানাবাড়ি স্টেশন ছাড়ার পর বন্ধ হয়ে যাচ্ছে। খানাবাড়ি থেকে নরসিংদী স্টেশনের দূরত্ব ১০ কিলোমিটার আর জিনারদী থেকে ৪ কিলোমিটার। ওই দূরত্ব অতিক্রমের সঙ্গে সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে গেট বন্ধ হচ্ছে। এভাবে ট্রেন আসার অনেক আগেই গেট ফেলতে হচ্ছে। বিশেষ করে দীর্ঘ সময় ভোগান্তির কারণ, ঢাকা থেকে আসা নরসিংদী স্টেশনে যাত্রাবিরতির ট্রেনগুলো। কারণ, ট্রেন জিনারদী অতিক্রম করলে গেট বন্ধ হয়ে যায়। এরপর ট্রেনগুলো ধীরগতিতে এসে স্টেশনে যাত্রাবিরতি দেয়। দুই মিনিটের মধ্যে ছাড়ার কথা থাকলেও যাত্রী বেশি হওয়ায় ছয় থেকে সাত মিনিটের আগে কোনো ট্রেন স্টেশন ছেড়ে যেতে পারে না। ফলে যাত্রাবিরতির ট্রেনের বেলায় গড়ে ১৫ মিনিটের অধিক সময় গেট বন্ধ থাকছে। আবার বিশেষ কারণে কোনো একটি ট্রেনকে স্টেশনে বেশি সময় থামিয়ে রাখা হলে আটকা পড়া ট্রেন না যাওয়া পর্যন্ত গেট খোলা যায় না। দিনে ৫৪টি ট্রেন আসা-যাওয়া করে।
২১ অক্টোবর সকাল ৭টা থেকে বেলা ১১টা পর্যন্ত লেভেল ক্রসিং এলাকায় অবস্থান করে দেখা যায়, চার ঘণ্টার মধ্যে ১০টি ট্রেন আসা-যাওয়া করায় ১০ বার গেট বন্ধ হয়। প্রতিবারই ক্রসিংয়ের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। জট নিরসনে দায়িত্ব পালন করা মিলন মিয়া বলেন, অটো সিগন্যাল সিস্টেম চালু হওয়ার পর নরসিংদীতে যানজট বেশি হচ্ছে। জট না ছাড়তেই আবার গেট পড়ে জট লাগছে।
ভোগান্তির কথা স্বীকার করে নরসিংদী স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশনমাস্টার এ টি এম মুছা বলেন, অটো সিগন্যাল চালু হওয়ায় দুর্ঘটনার ঝুঁকি কমেছে। সিস্টেমটি চালু থাকলে লেভেল ক্রসিং এলাকাটি নিরাপদ থাকবে। তবে মানুষের ভোগান্তি কমাতে সিস্টেমে কিছু পরিবর্তন আনা জরুরি বলে মন্তব্য করেন তিনি।