ঝুঁকি থাকলেও দেশে ফিরতে রাজি নন বাংলাদেশিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়ার বেনগাজিতে নির্মাণশ্রমিকের কাজ করেন ঝিনাইদহের খোকন হোসেন। ভাগ্য ফেরাতে অনেক আশা নিয়ে এ বছরের শুরুতে বাংলাদেশ ছাড়েন তিনি। কিন্তু লিবিয়ার চলমান সহিংস পরিস্থিতিতে নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত তিনি। শঙ্কার কথা বলেছেন আরও ২০-২৫ জন বাংলাদেশি। নিরাপত্তা ঝুঁকি থাকলেও তাঁদের কেউই এখনই দেশে ফিরতে রাজি নন। এই না ফেরার পেছনের কারণটা আর্থিক বলেও তাঁরা জানিয়েছেন।
লিবিয়ার বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে, গত দুই মাসে ক্ষেপণাস্ত্র হামলায় সেখানে সাতজন বাংলাদেশি মারা গেছেন। সহিংসতার কারণে একই সময়ে অন্য দেশের নাগরিকসহ অন্তত ৩০০ জনের মৃত্যু হয়েছে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র, চীন, ভারতসহ বিভিন্ন দেশের নাগরিকেরা লিবিয়া ছাড়লেও খরচ না ওঠায় বাংলাদেশিরা দেশটি ছাড়তে রাজি হচ্ছেন না। এমনকি কয়েকটি কোম্পানি লিবিয়ায় তাদের কার্যক্রম বন্ধ করে দেবে এমন ঘোষণার পরও সেখানকার কর্মীরা বাংলাদেশে ফিরতে রাজি নন।
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব খোন্দকার শওকত হোসেন প্রথম আলোকে বলেন, লিবিয়ার ত্রিপোলি ও বেনগাজি বিমানবন্দরের দখল নিয়ে এখন সেখানকার বিভিন্ন গ্রুপের মধ্যে লড়াই চলছে। কিন্তু যুদ্ধাবস্থা হলেও বাংলাদেশের নাগরিকেরা দেশটি ছেড়ে আসতে রাজি নন। এর একটি বড় কারণ তাঁরা অনেক টাকা খরচ করে সেখানে গেছেন। সেই টাকা না তুলে তাঁরা দেশে ফিরতে রাজি নন।
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব বলেন, যুদ্ধাবস্থার কারণে কোরিয়ার একটি কোম্পানি লিবিয়ায় তাদের কার্যক্রম বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ওই কোম্পানিতে প্রায় ৫০০ বাংলাদেশি কাজ করেন। কোম্পানির পক্ষ থেকে সব বাংলাদেশিকে তাঁদের খরচে দেশে পাঠানোর প্রস্তাব দেওয়া হয়েছে। বলা হয়েছে, আবার তাঁরা কাজ শুরু করলে তাঁদের নেওয়া হবে। কিন্তু তাঁরা দেশে ফিরতে রাজি নন। এমন পরিস্থিতিতে বাংলাদেশের নাগরিকদের যুদ্ধ ও সংঘাতের এলাকা ছেড়ে নিরাপদে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
বেনগাজির নির্মাণশ্রমিক খোকন হোসেন বলেন, সেখানে যেতে তাঁর খরচ হয়েছে তিন লাখ ৩০ হাজার টাকা। তাঁর মাসিক বেতন বাংলাদেশি টাকায় প্রায় ৩৫ হাজার টাকা। থাকা-খাওয়ার খরচ শেষে মাসে তিনি সঞ্চয় করতে পারেন ১৫ হাজার টাকা। দেশটির সংঘাতময় পরিস্থিতিতে তাঁর উদ্বেগ বাড়লেও দেশে ফিরতে রাজি নন তিনি। ঝুঁকি থাকলেও পরিবারের কথা ভেবে লিবিয়াতেই থাকতে চান। তিনি বলেন, এখনো যাওয়ার টাকাই তুলতে পারেননি। এ অবস্থায় দেশে ফিরে নতুন করে অনিশ্চয়তায় পড়তে চান না তিনি।
খোকন হোসেন জানান, বেনগাজির যে ভবনে তিনি থাকেন সেখানে তাঁর সঙ্গে আরও ২৫ জন বাংলাদেশি থাকেন। তাঁরাও এখনই দেশে ফিরতে চান না। সবাই কমবেশি সাড়ে তিন লাখ টাকা থেকে চার লাখ টাকা খরচ করে গত এক থেকে দেড় বছরের মধ্যে সে দেশে যান। এখনই দেশে ফিরে গেলে তাঁদের পথে বসতে হবে।
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, লিবিয়ায় প্রায় ৫০ হাজার বাংলাদেশি রয়েছেন। সে দেশের বর্তমান সহিংস পরিস্থিতি বিবেচনায় নিয়ে বন্ধ রয়েছে সেখানে জনশক্তি রপ্তানি। লিবিয়ায় অবস্থানরত বাংলাদেশিদের এখন সতর্কভাবে চলাফেলার পরামর্শ দেওয়া হয়েছে। এ ছাড়া জরুরি প্রয়োজনে দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখতে বলা হয়েছে।
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সূত্র জানায়, ২০১১ সালে দেশটিতে যুদ্ধাবস্থা শুরু হওয়ার পর ৩৬ হাজার বাংলাদেশি ফিরে আসেন। পরিস্থিতি কিছুটা শান্ত হলে গত আড়াই বছরে প্রায় ২৫ হাজার বাংলাদেশি নতুন করে সেখানে গেছেন। এর মধ্যে চলতি বছরের প্রথম ছয় মাসে লিবিয়া গেছেন চার হাজার ৪৩৩ জন। ২০১৩ সালে সাত হাজার ১৭৫ জন, ২০১২ সালে যান ১৪ হাজার ৯৭৫ জন। বৈধ-অবৈধ মিলিয়ে সেখানে এখন প্রায় ৫০ হাজার বাংলাদেশি আছেন।
লিবিয়ার বাংলাদেশ দূতাবাস ও সেখানকার প্রবাসীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত কয়েক মাস ধরেই লিবিয়ায় নতুন করে ইসলামপন্থী ও বিচ্ছিন্নতাবাদী বিভিন্ন দল ও গোষ্ঠীর মধ্যে আদর্শিক ও ক্ষমতা দখল নিয়ে সংঘাত চলছে। ২০১১ সালে দেশটির সাবেক নেতা গাদ্দাফির পতনের পর থেকেই মূলত বিবদমান বিভিন্ন গোষ্ঠীর মধ্যে সংঘাত ও রাজনৈতিক অস্থিরতা প্রকট হয়ে ওঠে। গত কয়েক মাসে সহিংসতা আরও বেড়েছে।