কয়েক বছর ধরেই আলুর বাম্পার ফলন হচ্ছে। রয়েছে ৪০টির মতো হিমাগার। কিন্তু আলুকে ঘিরে নেই কোনো প্রক্রিয়া করা খাদ্যপণ্য তৈরির শিল্প। ‘মঙ্গা এলাকা’ বলে পরিচিত রংপুরের ব্যবসা-বাণিজ্যের এই হলো চিত্র।
যথেষ্ট সম্ভাবনা থাকার পরও রংপুর এলাকায় একটিও কৃষি প্রক্রিয়াজাতকরণ শিল্পকারখানা গড়ে ওঠেনি। এখানে শিল্প বলতেই হিমাগার। তবে গত তিন-চার বছরে এখানে গড়ে উঠেছে কয়েকটি পাটকল।
রংপুর এলাকার বিভিন্ন পর্যায়ের শিল্পপতি, ব্যবসায়ী ও ব্যাংকারদের সঙ্গে কথা বলে জানা যায়, এই এলাকার ব্যবসায়ীদের হাতে অর্থ থাকলেও শিল্পে বিনিয়োগ করছেন না। কারণ, তাঁরা ঝুঁকি নিতে চান না। আবার কী ধরনের শিল্প এখানে প্রতিষ্ঠা করলে লাভ হবে, তা-ও বলার কেউ নেই।
ব্যাংকাররা বলছেন, তাঁরা স্থানীয় উদ্যোক্তাদের কাছ থেকে ভালো কোনো বিনিয়োগ প্রস্তাব পাচ্ছেন না। পেলে তাঁরা সেখানে ঋণ দিতে আগ্রহী।
রংপুরের বিশিষ্ট শিল্পপতি এবং বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সাবেক সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘আমরা জানি না, এখানে কোন শিল্প করব। কোনটা করলে লাভ হবে। সে জন্য এখানকার মানুষ বেশি ঝুঁকি নিতেও চায় না।’
রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির হিসাব অনুযায়ী, রংপুর জেলায় উল্লেখ করার মতো ছোট-বড় মিলিয়ে ২৫টি শিল্পকারখানা গড়ে উঠেছে।
রংপুর দেশের অন্যতম কৃষিপণ্য উৎপাদনকারী অঞ্চল। রংপুরের ধান, পাট, তামাক, আলু, টমেটো, কলা, আনারস, আখ স্থানীয় চাহিদা মেটানোর পর সারা দেশে যাচ্ছে। অনেক পণ্য হিমাগারেও সংরক্ষণ করা হচ্ছে। সে কারণেই এখানে কৃষি প্রক্রিয়াজাতকরণ শিল্পকারখানা গড়ে তোলার বেশি সম্ভাবনা। আবার রংপুর অঞ্চলে উৎপাদিত পাট ব্যবহার করেও বড় ও ছোট আকারের বহুমুখী পাটশিল্পেরও সম্ভাবনা আছে।
নানা পর্যায়ের ব্যবসায়ী ও উদ্যোক্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, রংপুরের ব্যবসায়ীদের হাতে টাকা থাকলেও তাঁরা ঝুঁকি নিয়ে শিল্প গড়ে তুলতে আগ্রহী নন।
তার চেয়ে বরং পণ্য কেনাবেচায় (ট্রেডিং) আগ্রহ তাঁদের। কারণ, এতে বিনিয়োগ করা অর্থ দ্রুত ফেরত আসে। এ ছাড়া রংপুরে এখনো পাইপলাইনে গ্যাস আসেনি। এলপি গ্যাস কিংবা ডিজেল দিয়ে উৎপাদন কার্যক্রম চালালে পণ্যের দাম কয়েক গুণ বেড়ে যায়। আবার দিনের অধিকাংশ সময়ই বিদ্যুৎ থাকে না। ব্যবসায়ীরা আরও বলেছেন, রংপুর থেকে চট্টগ্রাম বন্দরে পণ্য পরিবহন করতে ২৪ থেকে ৩৬ ঘণ্টা লেগে যায়। আর মংলা বন্দরে যেতে লাগে ২৪ ঘণ্টা। রংপুরের মহাসড়ক খুবই অপ্রশস্ত। বঙ্গবন্ধু সেতু হওয়ার এত বছর পরও এই মহাসড়ক চার লেন করা হয়নি।
মোস্তফা আজাদ চৌধুরী বলেন, ‘বঙ্গবন্ধু সেতু হওয়ার পর আমরা ঢাকা থেকে রংপুর আসতাম ছয় ঘণ্টায়। এখন লাগে আট ঘণ্টা। দেশের অন্য সব স্থানে যেখানে এই সময়টা কমে, সেখানে রংপুর দিন দিন পিছিয়ে যাচ্ছে।’
এ অঞ্চলে শিল্প গড়ে ওঠার পেছনে সরকারি পৃষ্ঠপোষকতার অভাবকেও দায়ী করছেন ব্যবসায়ীরা। নর্থবেঙ্গল জুট মিলসের চেয়ারম্যান আবুল কাশেম প্রথম আলোকে বলেন, পণ্যের মোড়ক হিসেবে পাটের বস্তা ব্যবহার করার আইন আছে। কিন্তু তার বাস্তবায়ন নেই। সরকার যদি শুধু খাদ্যশস্যের (ধান, চাল, গম) ক্ষেত্রে পাটের বস্তা ব্যবহার বাধ্যতামূলক করতে পারে, তাহলেও এখানে অনেক পাটকল গড়ে উঠবে।
মার্কেন্টাইল ব্যাংকের রংপুর শাখাপ্রধান আবদুল মতিন প্রথম আলোকে বলেন, ‘ভালো কোনো প্রস্তাব আসছে না। একটি এসেছিল, সেটা ভালো মনে হওয়ায় ঋণ দিয়েছি। আমাদের এখানকার ব্যবসায়ীরা ঝুঁকি নিতে চান না।’
জনতা ব্যাংকের করপোরেট শাখার সহকারী মহাব্যবস্থাপক মিজানুর রহমান সরকার বলেন, ‘লোকজনের সাহস কম। ব্যবসায় তো ঝুঁকি নিতে হবেই। এখানকার লোকজন শুরুতেই চিন্তা করেন, কী হবে?’
এর পরও এখানে ধীরে ধীরে হলেও কিছু শিল্প হচ্ছে। উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় গত কয়েক বছরে বেশ কয়েকটি পাটকল গড়ে উঠেছে। গত বছরের অক্টোবরে মোতাহার হোসেন জুট মিলস প্রতিষ্ঠা করেন মোস্তফা আজাদ চৌধুরী। রংপুরের শুধু এই পাটকলেই তৈরি হচ্ছে পাটের সুতা।
বছর চারেক আগেও রংপুরে পাটকল ছিল চারটি। এখন আছে সব মিলিয়ে নয়টি। নতুন আরও গড়ে উঠেছে নর্থবেঙ্গল জুট মিলস, মোমো জুট মিলস এবং এস আর জুট মিলস। এ ছাড়া রংপুর বিসিকে একটি পাটকল গড়ে উঠেছে।
সম্প্রতি প্রাইম গ্রুপ রংপুরে ভোগ্যপণ্য এবং কসমেটিক ও সাবান তৈরির দুটি শিল্প গড়ে তুলেছে। গত তিন বছরে এই এলাকায় তিনটি নতুন অটো রাইস মিল গড়ে উঠেছে।
রংপুর চেম্বারের এক নেতা বলেন, ‘রংপুরের লোক আরেকজনেরটা দেখে সেটা করতে চান। সে জন্য দেখেন এখানে খালি হিমাগারই হচ্ছে।’ নতুন প্রতিষ্ঠিত এসব শিল্প দেখে স্থানীয় উদ্যোক্তারা আরও শিল্প প্রতিষ্ঠায় এগিয়ে আসবেন—সেই আশায় আছেন রংপুরের ব্যবসায়ী ও উদ্যোক্তারা।