ঝুঁকি নিয়ে কাজ করছেন স্বর্ণশ্রমিকেরা
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় জীবনের ঝুঁকি নিয়ে অ্যাসিড দিয়ে সোনা গলানো ও ঢালাইয়ের কাজ করছেন শ্রমিকেরা। এতে এসব শ্রমিকের হৃদ্যন্ত্রে সমস্যা ও ফুসফুসে ক্যানসার পর্যন্ত হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। এতে পথচারীরাও ক্ষতির সম্মুখীন হচ্ছে।
গোয়ালন্দ উপজেলা স্বর্ণ শিল্প সমিতি সূত্রে জানা গেছে, উপজেলা সদর ও দৌলতদিয়া ঘাট বাজার এলাকার ৩৫টি সোনার গয়নার দোকান সমিতির অন্তর্ভুক্ত। এর বাইরেও বেশ কয়েকটি সোনার দোকান রয়েছে। এসব দোকানে অন্তত অর্ধশত শ্রমিক নিয়োজিত রয়েছেন। তাঁরা সরাসরি অ্যাসিড দিয়ে সোনা গলানোসহ পাকাকরণের কাজ করেন। সোনা পাকা করতে অধিকাংশ দোকানি তাঁদের দোকানের সামনে বা সড়কের ওপর প্রথমে একটি লোহার বালতি বা পাত্র রেখে তাতে জ্বালানোর জন্য কয়লা দেন। জ্বলন্ত কয়লার ভেতর ছোট মুচিতে (মাটির পাত্র) পরিমাণমতো সোনা ও দস্তা মেশানো হয়। এরপর প্রায় ২০ মিনিট জ্বালানোর পর গলানো সোনা আরেকটি মাটির তৈরি ঢাকনার ওপর রাখা হয়। সনাতন পদ্ধতির এই প্রক্রিয়াকে বলা হয় আফর। আবার বড় চুল্লিতে জ্বালানোর পর গলানো সোনায় রং করতে ব্যবহার করা হয় সালফারজাতীয় অ্যাসিড। সোনা পাকাকরণের পুরো প্রক্রিয়ার সময় শ্রমিক বা দোকানি প্রতিরোধমূলক উপকরণ ব্যবহার করেন না। এতে ধোঁয়া সরাসরি তাঁদের ও পথচারীদের চোখেমুখে লাগছে।
গোয়ালন্দ বাজারের বন্যা জুয়েলার্সের শ্রমিক মো. শিমুল বলেন, ‘মাঝেমধ্যে আমরা খোলা জায়গায় এভাবে কাজ করতে গেলে ধোঁয়ায় অনেক সময় নিজেরাই ঠিক থাকতে পারি না। এসব কাজ করার সময় অনেকে অসুস্থ হয়ে পড়েন।’
নিউ বনানী জুয়েলার্সের দোকানি আবদুল খালেক বলেন, ‘আমরা সনাতন পদ্ধতিতে পাকাকরণের কাজ করে থাকি। ধোঁয়ায় চোখমুখ পুড়তে থাকে। ঝাঁঝালো ধোঁয়ায় অনেক সময় আশপাশের মানুষও সমস্যায় পড়ে। তবে সপ্তাহে দু-এক দিন এ কাজ হয় বলে তেমন একটা প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয় না।’
উপজেলা স্বর্ণ শিল্প সমিতির সাধারণ সম্পাদক আবু ইউসুফ ব্যাপারী জানান, সমিতির অন্তর্ভুক্ত অর্ধশতাধিক শ্রমিক সরাসরি কোনো প্রতিরোধমূলক ব্যবস্থা নেন না। তবে কাজ কম থাকায় অনেকেই দোকানের সামনে বসে সোনা পাকাকরণের কাজ করে থাকেন। যদিও বড় কাজের ফরমাশ হলেই সবাই বড় চুল্লিতে গিয়ে কাজ করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা আশীষ কুমার বড়াল জানান, প্রতিরোধমূলক ব্যবস্থা না নিয়ে শ্রমিকেরা প্রকাশ্যে সোনা পাকাকরণ বা গলানোর কাজ করলে ধোঁয়ায় তাঁদের শ্বাসকষ্ট, কাশি, হৃদ্যন্ত্রে সমস্যা ও ফুসফুসে ক্যানসার পর্যন্ত হওয়ার আশঙ্কা রয়েছে।