ঝুঁকি নিয়ে গবাদি পশুর সঙ্গে যাত্রী পারাপার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার হিসেবে পরিচিত দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক না হওয়ায় জীবনের ঝুঁকি নিয়ে লঞ্চ ও ট্রলারে উত্তাল পদ্মা পাড়ি দিচ্ছে মানুষ ও গবাদিপশু। নাব্যতা-সংকটের কারণে বেশ কিছুদিন থেকেই গুরুত্বপূর্ণ এ নৌপথে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) সূত্র ও সরেজমিনে জানা গেছে, দৌলতদিয়া ঘাটের উজানে তীব্র নদীভাঙনে কয়েকটি গ্রাম বিলীন হয়ে স্রোতে পলি, বালু, গাছপালা ও বিভিন্ন আসবাব এসে দৌলতদিয়া চ্যানেল ভরাট হয়ে পড়ছে।
এ কারণে গত ২৫ আগস্ট বিকেল থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচলে বিঘ্ন ঘটছে। বাধ্য হয়ে কর্তৃপক্ষ ১ সেপ্টেম্বর সকাল থেকে এ নৌপথ দিয়ে দূরপাল্লার বাস এবং ৩ সেপ্টেম্বর থেকে পণ্যবাহী সব ধরনের যানবাহন পারাপার বন্ধের ঘোষণা দেয়। তবে গত শনিবার থেকে ফেরিতে বাস পারাপার শুরু হলেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। এ অবস্থায় দক্ষিণাঞ্চলের জেলাগুলোর পরিবহনের যাত্রী, গবাদিপশু ও মালামাল উত্তাল পদ্মায় লঞ্চ এবং ইঞ্জিনচালিত ট্রলারে পারাপার হচ্ছে।
ভরা পদ্মা পার হওয়ার সময় ১৯ আগস্ট ৩৩টি গরু-মহিষবোঝাই একটি ট্রলারডুবির ঘটনা ঘটে। ট্রলারে থাকা মাঝি, সহকারী ও দুই রাখালকে কয়েক কিলোমিটার ভাটি থেকে প্রায় সাত ঘণ্টা পর অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়।
আরিচা লঞ্চ মালিক সমিতির দৌলতদিয়া ঘাটের পরিচালক সুজায়েত হোসেন জানান, ফেরি পারাপার বন্ধ হওয়ার পর থেকে লঞ্চে দক্ষিণ, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যাত্রীদের ভিড় বাড়তে থাকে। এ নৌপথের ৩৬টি লঞ্চের মধ্যে পাঁচটি আরিচা-নগরবাড়ী ও ৩১টি দৌলতদিয়া-পাটুরিয়া পথে চলাচল করে। লঞ্চগুলো স্বাভাবিক সময়ে যেখানে দিনে-রাতে ১৩০-১৩২টি ট্রিপ দিত, সেখানে ফেরি সমস্যায় যাত্রীদের প্রচণ্ড চাপ পড়ায় শুধু দিনেই ১৫০-১৬০টি ও রাতে ৭০-৮০টি করে ট্রিপ দিতে হচ্ছে।
বিআইডব্লিউটিএর আরিচা কার্যালয়ের বন্দর কর্মকর্তা কবির হোসেন জানান, দেশের গুরুত্বপূর্ণ এ নৌপথে ফেরি চলাচল বারবার বন্ধ হতে থাকায় প্রাণের ঝুঁকি নিয়ে লঞ্চেই মানুষ পারাপার হচ্ছে। তবে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় দুর্ঘটনা এড়াতে রাতের অধিকাংশ সময় লঞ্চ বন্ধ রাখতে হচ্ছে।