ভোলার তজুমদ্দিন উপজেলায় মোল্লাপুকুর-চৌমহনী লঞ্চঘাট সড়কের বেশির ভাগ অংশ তিন বছর আগে জোয়ারে ভেঙে গেছে। অবশিষ্ট অংশে বহু গর্তের সৃষ্টি হয়েছে। ঝুঁকি নিয়েই সড়কটিতে যানবাহন চলাচল করছে। এতে মাঝেমধ্যেই ঘটছে দুর্ঘটনা।
এলাকার অনেকে বলেন, মোল্লাপুকুর-চৌমহনী লঞ্চঘাট সড়কটি সড়ক ও জনপথ (সওজ) বিভাগের। তজুমদ্দিন-ঢাকা নৌপথের যাত্রীসহ দুটি ইউনিয়নের কয়েক হাজার মানুষ সড়কটি ব্যবহার করে। ২০১৩ সালে জোয়ারের পানিতে প্রায় দেড় কিলোমিটার সড়কের অর্ধেকের বেশি ভেঙে যায়। সড়কের একাংশে খালের মতো সৃষ্টি হয়েছে। চলাচলের জন্য সেখানে কয়েকটি স্টিলের পাত বসানো হয়েছে।
সম্ভুপুর শাহে আলম মডেল কলেজের শিক্ষক নুরনবী বলেন, সোনাপুর ও মলংচড়া ইউনিয়নের কয়েক হাজার মানুষ সড়কটি ব্যবহার করে উপজেলায় গিয়ে কাজ সারে।
গত বুধবার সরেজমিনে দেখা যায়, পুরো সড়ক খানাখন্দে ভরা। মধ্য-চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে লঞ্চঘাট পর্যন্ত প্রায় ৪৫০ মিটার সড়কের লম্বালম্বি অর্ধেক নেই। এখন সরু সড়ক দিয়ে কোনো রকমে একটি গাড়ি চলতে পারে। সড়কের দুই পাশে গভীর খাদ। এ সড়ক দিয়ে ঝুঁকি নিয়ে যাত্রীবাহী নছিমন, করিমন, ব্যাটারিচালিত রিকশা, অটোরিকশাসহ নানা রকম যানবাহন চলছে।
সোনাপুর ইউনিয়নের অটোরিকশার চালক ছালাউদ্দিন বলেন, পথচারীকে জায়গা দিতে গিয়ে প্রায়ই ছোটখাটো দুর্ঘটনা ঘটছে। যানবাহন খাদে পড়ে উল্টে যাচ্ছে। অটোরিকশা উল্টে ২০১৪ সালের শেষ দিকে এক শিশু নিহত হয়। বর্ষাকালে সড়কটি বেশি বিপজ্জনক হয়ে পড়ে।
তজুমদ্দিন উপজেলা পরিষদের চেয়ারম্যান অহিদুল্যাহ জসিম বলেন, জোয়ারের পানিতে সড়কটির এক পাশ বিলীন হয়েছে—শুধু তা-ই নয়, সড়কের মধ্যে বড় বড় গর্ত হয়ে গেছে। মাটি ফেলে সেসব গর্ত ভরাট করে নতুনভাবে সড়ক নির্মাণ করা জরুরি। একই সঙ্গে পাকা ব্লক ফেলে মেঘনার ভাঙন প্রতিরোধ করাও জরুরি। নইলে লঞ্চঘাটও টিকবে না।
সড়ক ও জনপথের উপসহকারী প্রকৌশলী সাইফুল ইসলাম বলেন, ‘২০১৩ সালে সড়কটি বিলীন হওয়ার পর আমরা প্রকল্প প্রস্তাব পাঠিয়েছি। সেটি বিলম্বে পাস হয়ে এসেছে। ইতিমধ্যে দরপত্র আহ্বান করা হয়েছে।’
জানতে চাইলে ভোলা সওজের নির্বাহী প্রকৌশলী শাহীন সরকার বলেন, ‘ভোলায় কয়েকটি ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কারের জন্য একটি প্যাকেজের (গুচ্ছ) আওতায় দরপত্র আহ্বান ও চুক্তিপত্র স্বাক্ষরিত হয়েছে। মোল্লাপুকুর-চৌমহনী সড়ক তার মধ্যে আছে। দ্রুত কাজ শুরু হবে আশা করছি।’