ঝুঁকি নিয়ে পাহাড়ের ঢালে বসবাস
বান্দরবান জেলা শহরে শতাধিক পরিবার মৃত্যুর ঝুঁকি নিয়ে পাহাড়ের ঢালে ও পাদদেশে বসবাস করছে। বৃষ্টির সময় এসব পরিবারের বাসাবাড়ির ওপর পাহাড় ধসে পড়ে বিপর্যয় নেমে আসতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় জনপ্রতিনিধিরা।
পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর ওসমান গণি বলেন, তাঁর ওয়ার্ডের ইসলামপুরে ৬ মে সামান্য বৃষ্টিতে পাহাড় ধসে পড়ে। ওই সময় তিনটি পরিবার অল্পের জন্য রক্ষা পায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর কর্মকর্তারা বলেন, বিষয়টি নিয়ে তাঁরা সচেতন আছেন।
স্থানীয় লোকজন জানান, বৃষ্টিপাত হলে ঝুঁকিপূর্ণ স্থানে বসবাসকারী ব্যক্তিদের বাসাবাড়ি ছেড়ে দিতে অথবা সতর্ক থাকতে মাইকিং করা হয়। জেলা শহরের ৯ নম্বর ওয়ার্ডের ইসলামপুরে গিয়ে দেখা যায়, ম্যাক্সি খালের পশ্চিম পাশের পাহাড় থেকে নেমে আসা একটি ঝরনার দুই ধারে ৩০-৩২টি পরিবার মারাত্মক ঝুঁকি নিয়ে বসবাস করছে। ঝরনার পানিপ্রবাহের মাঝখানে বিধ্বস্ত একটি কালভার্টের ওপর তৈরি করা বাসায় বসে নাসিমা বেগম নামের এক নারী জানান, তাঁরা চকরিয়া থেকে এসেছেন। দুই বছর ধরে তাঁরা এখানে বসবাস করছেন। তিনি বলেন, তাঁদের বাসাটি যেকোনো মুহূর্তে ধসে পড়তে পারে বলে আশঙ্কা রয়েছে। আবদুর রহিম নামের এক ব্যক্তি ঝরনার পানিপ্রবাহ ঘেঁষে পাহাড়ের প্রায় ২০ ফুট নিচে আর তাঁর বড় ভাই নুরু পাহাড়ের চূড়ায় বসবাস করেন। যেকোনো সময় বড় ভাই নুরুর বাড়িসহ পাহাড়ধসে ছোট ভাই আবদুর রহিমের বাড়ির ওপর পড়তে পারে বলে আশঙ্কা রয়েছে।
৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ওসমান গণি বলেন, তাঁর ওয়ার্ডের ইসলামপুর, কাসেমপাড়া, ফরেস্টার অফিস এলাকায় ৫০টিরও বেশি পরিবার মৃত্যুর ঝুঁকি নিয়ে বসবাস করছে। তিনি এসব পরিবারের দ্রুত পুনর্বাসনের দাবি জানান। ওসমান গণি ও ৩ নম্বর ওয়ার্ড কমিশনার অজিত দাশ বলেন, জেলা শহরের ৩, ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে শতাধিক পরিবার দীর্ঘ কয়েক বছর ধরে মারাত্মক ঝুঁকি নিয়ে বসবাস করছে। বান্দরবান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহী আলম ও পৌরসভার সচিব তৌহিদুল ইসলাম বলেন, অবিলম্বে ঝুঁকিতে বসবাসকারীদের তালিকা তৈরি করা হবে। তালিকা পাওয়ার পর তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।