ঝুঁকি নিয়ে ফিরলেন আটকে পড়া পর্যটকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রবালদ্বীপ সেন্ট মার্টিনে আটকে পড়া পর্যটকেরা আজ সোমবার দুপুরে টেকনাফে ফিরতে শুরু করেছেন। দুটি ট্রলারে করে শতাধিক পর্যটক টেকনাফের কায়ুকখালীয়া ঘাটে এসেছেন।

সেন্ট মার্টিন পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. দেলোয়ার হোসেন জানান, ঘূর্ণিঝড় হুদহুদ ভারতে আঘাত এনে কিছুটা দুর্বল হলেও এখনো সাগর উত্তাল রয়েছে। পর্যটকেরা নিজেদের উদ্যোগে ঝুঁকি নিয়ে আজ দুপুরে দুইটি কাঠের ট্রলারে করে টেকনাফ গেছেন।

জানা যায়, সেন্ট মার্টিন দ্বীপ থেকে সাগর পাড়ি দিয়ে টেকনাফের কায়ুকখালীয়া ঘাটে পৌঁছানোর পর পর্যটকদের অনেকে হাউমাউ করে কান্নাকাটি শুরু করেন। নিরাপদে ফিরে আসার খবরটি অনেকে মুঠোফোনে পরিবারের সদস্যদের জানাতে ব্যস্ত হয়ে পড়েন। গত বৃহস্পতি ও শুক্রবার সকালে এই পর্যটকেরা টেকনাফ থেকে তিনটি জাহাজ ও ট্রলারে করে সেন্ট মার্টিনে গিয়েছিলেন। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় হুদহুদের প্রভাব এবং ৩ নম্বর সর্তকসংকেত থাকায় পযর্টকেরা সেন্ট মার্টিনে আটকা পড়েছিলেন।

পর্যটকবাহী জাহাজ কেয়ারি সিন্দবাদের টেকনাফের ব্যবস্থাপক শাহ আলম জানান, সাগর উত্তাল থাকায় দুদিন ধরে এই রুটে জাহাজ ও ট্রলার চলাচল বন্ধ ছিল। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আটকে পড়া ১ হাজার ২০০ পর্যটককে ফিরিয়ে আনার জন্য দুটি জাহাজ বেলা ১১টার দিকে সেন্ট মার্টিনের উদ্দেশে টেকনাফ ছেড়ে গেছে। সন্ধ্যার আগে তাদের টেকনাফে ফিরিয়ে আনা হবে।

সেন্ট মার্টিন দ্বীপ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুরুল আমিন প্রথম আলোকে জানান, ঘূর্ণিঝড়টি কেটে গেলেও সাগর এখনো উত্তাল রয়েছে। দুপুরে দুটি ট্রলারে করে জীবনের ঝুঁকি নিয়ে শতাধিক পযর্টক টেকনাফ গেছেন।