
বরগুনার সদর উপজেলার লাকুরতলা এলাকায় খাকদোন নদের ওপর নির্মিত সেতুটির বেহাল দশা। এতে ভোগান্তির শিকার হচ্ছে তিন উপজেলার কয়েক লাখ মানুষ। যেকোনো মুহূর্তে এটি ধসে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছে স্থানীয় ব্যক্তিরা।
সরেজমিনে এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা যায়, গত মার্চের শুরুর দিকে সেতুটির লোহার কয়েকটি খুঁটি ভেঙে যায়। তখন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এটি মেরামতের উদ্যোগ নেয়। মেরামত করতে গিয়ে তারা সেতুর পাকা পাটাতনের প্রায় অর্ধেক অংশ ভেঙে ফেলে। এরপর এ অবস্থায় রেখেই তারা কাজ বন্ধ করে দেয়। পরে স্থানীয় ব্যক্তিরা সেতুর ওপরে দুপাশে কাঠের তক্তা বিছিয়ে দেয়। বিকল্প পথ না থাকায় ওই তক্তার ওপর দিয়েই প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে সদরের গৌরীচন্না, ফুলঝুড়ি ও বদরখালী ইউনিয়ন ছাড়াও বেতাগী ও বামনা উপজেলার অন্তত ১০টি ইউনিয়নের কয়েক লাখ লোক চলাচল করছে। এর মধ্যে চার থেকে পাঁচ হাজার বিদ্যালয় ও কলেজগামী শিক্ষার্থীও রয়েছে। এলাকাবাসীর আশঙ্কা সেতুটি ভেঙে যেকোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে।
এলজিইডির বরগুনা কার্যালয় ও লাকুরতলা এলাকার কয়েক ব্যক্তি সূত্রে জানা গেছে, লাকুরতলা এলাকায় খাকদোন নদের ওপর ৭৩ দশমিক ১৭ মিটার দৈর্ঘ্যের এই সেতুটি অবস্থিত।
১৯৯৬-৯৭ অর্থবছরে ৩০ লাখ ১৪ হাজার টাকা ব্যয়ে এটি নির্মাণ করা হয়। ২০১২ সালের শেষ দিকে প্রায় আট লাখ টাকা ব্যয়ে সেতুটির নামমাত্র সংস্কার করা হয়। কিন্তু এক মাস যেতে না যেতে এটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে।
পরে এলজিইডির পক্ষ থেকে সেতুটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করে দুই প্রান্তে সাইনবোর্ড টানিয়ে দেওয়া হয়। এরপরও এর ওপর দিয়ে যানবাহন ও লোকজন পারাপার অব্যাহত থাকে। চলতি বছর মার্চের প্রথম দিকে সেতুটির লোহার দুটি খুঁটি ভেঙে যায়। আরও দুটি খুঁটি বেঁকে যায়। এরপর যানবাহন ও লোকজন চলাচলের সময় সেতুটি দুলতে থাকে। মে মাসে এলজিইডি সেতুটি সংস্কারের উদ্যোগ নেয় ও সেতুটির ওপরের ঢালাই দেওয়া পাটাতনের প্রায় অর্ধেক অংশ ভেঙে ফেলে। এরপর এলজিইডি কাজ বন্ধ করে দেয়।
গৌরীচন্না ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মনিরুল ইসলাম বলেন, ‘জেলা শহরের সঙ্গে খাকদোন নদের উত্তর পাড়ের কয়েক লাখ মানুষের যোগাযোগের একমাত্র মাধ্যম এই সেতু। সেতুটি সংস্কারে বারবার আবেদন করা হলেও কোনো ফল পাওয়া যায়নি। সম্প্রতি কাজ শুরু হলেও কী কারণে অর্ধেক অংশ ভেঙে কাজ বন্ধ রাখা হয়েছে, তা জানি না।’
এলজিইডির বরগুনা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আনোয়ারুল ইসলাম বলেন, ‘সেতুটি সাময়িকভাবে মেরামতের কাজ শুরু করলে এর অবস্থা অত্যন্ত নাজুক হওয়ায় এটা সংস্কারযোগ্য নয়। তাই এখানে নতুন একটি সেতু নির্মাণের জন্য একটি প্রস্তাবনা পাঠানো হয়েছে। প্রস্তাবনার পরিপ্রেক্ষিতে একটি বিশেষজ্ঞ দল এরই মধ্যে এখানে এসে মাটি পরীক্ষা করে গেছে। আশা করছি শিগগিরই কাজ শুরু করা যাবে।’