কক্সবাজারের টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে চলাচলকারী জাহাজ ও ট্রলারে ধারণক্ষমতার চেয়ে বেশি যাত্রী বহন ও বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। অতিরিক্ত যাত্রীবোঝাই নৌযানে করে ঝুঁকি নিয়ে সেন্ট মার্টিন আসা-যাওয়া করছেন পর্যটকেরা।
পর্যটকেরা বলেন, কক্সবাজারে এখন পর্যটকের উপচেপড়া ভিড়। এই সুযোগ কাজে লাগিয়ে জাহাজ মালিকেরা জনপ্রতি (আসা-যাওয়া) ভাড়া ৫৫০ থেকে আড়াই হাজার টাকা পর্যন্ত আদায় করছেন। অথচ ২০১১ সালের শেষের দিকে এ নৌপথে চলাচলকারী জাহাজের ভাড়া ৪৫০ থেকে ৮৫০ টাকা নির্ধারণ করে দেওয়া হয়।
গতকাল শুক্রবার সকাল নয়টার দিকে দমদমিয়া জাহাজঘাটের ইজারাদারের কয়েকজন টোল আদায়কারী (নাম প্রকাশে অনিচ্ছুক) বলেন, সাতটি জাহাজে করে আট হাজারের মতো পর্যটক সেন্ট মার্টিন গেছেন। বেশির ভাগ জাহাজে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি পর্যটক তোলা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এ নৌপথে প্রতিদিন সাতটি জাহাজ ও অর্ধশতাধিক ট্রলার চলাচল করে। জাহাজগুলোতে ৩০০ থেকে ৪০০ জনের ধারণক্ষমতা থাকলেও ওঠানো হয় ৬০০ থেকে ১০০০ জন। ট্রলারগুলোতে ৪০-৬০ জনের জায়গায় ওঠানো হয় ১০০ থেকে ১৫০ জন। এই অবস্থায় জাহাজ-ট্রলারে দাঁড়ানোরও জায়গা পাওয়া যায় না।
রাজধানীর মোহাম্মদপুর থেকে আসা পর্যটক মাহমুদুর রহমান ও কবির হোসেন বলেন, দুই বছর আগে জনপ্রতি ৪৫০ টাকায় টিকিট কেটে তাঁরা সেন্ট মার্টিন গিয়েছেন। এবার ওই জাহাজের টিকিটের দাম ৮৫০ টাকা। তাঁরা বলেন, ওই জাহাজের ধারণক্ষমতা ৩৪২ জন। কিন্তু জাহাজে ৭০০ জনেরও বেশি যাত্রী ওঠানো হয়। তাঁরা কয়েকজন প্রতিবাদ করলে জাহাজের কর্মচারীরা তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করেন এবং টাকা ফেরত না দিয়ে জাহাজ থেকে নামিয়ে দেওয়ার হুমকি দেন।
সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ফিরোজ আহমদ খান বলেন, থার্টি ফার্স্ট নাইট পর্যন্ত আড়াই শতাধিক হোটেল-মোটেল, গেস্টহাউস ও কটেজ অগ্রিম বুকিং হয়ে গেছে। কমপক্ষে ১২ থেকে ১৫ হাজার পর্যটক প্রতিদিন সেন্ট মার্টিন ভ্রমণে আসছেন।
অতিরিক্ত পর্যটক বোঝাই ও ভাড়া আদায় প্রসঙ্গে এই নৌপথে চলাচলকারী জাহাজ এলসিটি কাজলের টেকনাফের ব্যবস্থাপক মো. তাহের ও এলসিটি কুতুবদিয়ার মো. আজিজ বলেন, পর্যটকের উপচেপড়া ভিড় সামাল দিতে ধারণক্ষমতার বেশি পর্যটক বহন করা হয়। খরচ বেড়ে যাওয়ায় পূর্বনিধারিত ভাড়ার চেয়ে একটু বেশি নেওয়া হচ্ছে।
এমভি সোনারগাঁ জাহাজের ব্যবস্থাপনা পরিচালক তোফায়েল আহমদ বলেন, কিছু জাহাজ ধারণক্ষমতার বেশি পর্যটক পরিবহন ও নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা আদায় করছে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ মোজাহিদ উদ্দিন বলেন, টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে চলাচলকারী নৌযানগুলোতে অতিরিক্ত যাত্রী পরিবহন ও বাড়তি ভাড়া আদায় থেকে বিরত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। আদেশ অম্যান্যকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।