ঝুঁকি নিয়েই চলছে ভারী যানবাহন

দীর্ঘদিন ধরেই সেতুটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। যান চলাচল সচল রাখতে সেতুর ভাঙা অংশে লাগানো হয়েছে লোহার পাটাতন। এরপরও সেতুর মাঝামাঝি তৈরি হয়েছে গর্ত। যানবাহন উঠলেই এখন কেঁপে ওঠে সেতুটি। কিন্তু বিকল্প না থাকায় এই পথেই চলছে ভারী যানবাহন। এতে বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা। এ অবস্থা ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ীহাট সড়কের নহনা নদীর ওপরের জাউনিয়া সেতুর।
কবে সেতুটি নির্মাণ করা হয়েছিল, সে বিষয়ে সঠিক কোনো তথ্য নেই সংশ্লিষ্ট বিভাগে। তবে উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে, ব্রিটিশ আমলে হয়েছিল এই সেতু। ১৯৮০ সালে একবার মেরামত হয়। ২০১৩ সালে সেতুর মাঝখানে তৈরি হয় বিরাট এক গর্ত। তখন সেখানে লোহার দুটি পাটাতন বসিয়ে সচল রাখা হয় যানবাহন চলাচল।
সরেজমিনে গত সোমবার দেখা গেছে, সেতু দিয়ে পণ্যবোঝাই ট্রাক, ট্রাক্টর, ভটভটি, যাত্রীবোঝাই ইজিবাইক চলছে। পণ্যবোঝাই যান ওঠার সঙ্গে সঙ্গেই সেতুতে শুরু হচ্ছে ঝাঁকুনি। তারপরও থেমে নেই যান চলাচল। এমনকি সেতুটিতে একসঙ্গে একাধিক যানবাহনও উঠে পড়ছে।
জাউনিয়া গ্রামের বাসিন্দা আহসান উদ্দিন বলেন, বালিয়াডাঙ্গী উপজেলা থেকে পাড়িয়া, চাড়োল ও ধনতলা ইউনিয়নের বাসিন্দাদের চলাচলের মূল রাস্তার ওপর এই সেতু। সেতুটি এড়াতে চাইলে রাস্তা বাদ দিয়ে লোকজনকে প্রায় ১০ কিলোমিটার ঘুরপথ দিয়ে উপজেলা সদরে যেতে হয়। তাই ঝুঁকিপূর্ণ জেনেও বাধ্য হয়েই সেতু দিয়ে চলাচল করেন লোকজন। এ ছাড়া উপজেলার চাড়োল ইউনিয়নে লাহিড়ীহাট রয়েছে। হাটটি পশু, ধানসহ নানা পণ্য কেনাবেচায় প্রসিদ্ধ। এখানে সপ্তাহে দুই দিন দেশের বিভিন্ন এলাকা থেকে লোকজন আসেন। সে সময় সেতুটি দিয়ে ভারী যানবাহনের চলাচল আরও বেড়ে যায়।
মালবোঝাই একটি ট্রাক নিয়ে লাহিড়ীহাট যাচ্ছিলেন হাসান আলী নামের এক চালক। তিনি বলেন, ‘সেতুতে উঠলেই কাঁপে। ঝুঁকি জেনেও আমরা এই সেতু দিয়েই চলাচল করতে বাধ্য হচ্ছি।’
চাড়োল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হায়াত নুরুন্নবী বলেন, সেতুটি পুনর্নির্মাণের জন্য চার বছর আগে কর্তৃপক্ষকে জানানো হয়েছে। পাটাতন লাগানো ছাড়া আর কোনো কাজ হয়নি। সেতুটি ভেঙে পড়লে তিন ইউনিয়নের সঙ্গে উপজেলা সদরের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে।
এলজিইডির উপজেলা প্রকৌশলী মাইনুল ইসলাম বলেন, ‘সেতুটি খুবই ঝুঁকিপূর্ণ। এ অবস্থায় ভারী যানবাহন চলাচল করলে যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। দ্রুত নতুন করে সেতু নির্মাণের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’
উপজেলা চেয়ারম্যান সফিকুল ইসলাম বলেন, উপজেলার আটটির মধ্যে তিনটি ইউনিয়নে চলাচলের মূল সড়কেই সেতুটির অবস্থান। কিন্তু ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় এটি দ্রুত নির্মাণে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছেন। মেরামত না হওয়া পর্যন্ত ঝুঁকিপূর্ণ সেতু পারাপারে জনগণকে ধৈর্য ও বিকল্প পথে চলাচলের পরামর্শ দেন তিনি।