ঝুঁকি নিয়ে ইঞ্জিনচালিত নৌকায় চলাচল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তজুমদ্দিন-মনপুরা নৌপথে ১৮ দিন ধরে সি-ট্রাক চলাচল বন্ধ। দুর্গম উপজেলা মনপুরার যাত্রীরা জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন উত্তাল মেঘনা পার হচ্ছে। সি-ট্রাকটি কবে নাগাদ চালু হবে তাও বলতে পারছে না কর্তৃপক্ষ। ভোলার মনপুরা উপজেলার লক্ষাধিক মানুষের জেলা সদরসহ অন্যান্য উপজেলায় নিরাপদে যাতায়াতের একমাত্র মাধ্যম এই সি-ট্রাক। মনপুরা হাজীরহাট ব্যবসায়ী সমিতির সম্পাদক মো. মহিউদ্দিন, ব্যবসায়ী আমির হাওলাদার, মনপুরা মহিলা কলেজের প্রভাষক মো. শাহিনসহ অনেকে অভিযোগ করেন, মনপুরা মেঘনার মধ্যে একটি দুর্গম উপজেলা। এ উপজেলার লক্ষাধিক মানুষ ভোলা ও অন্যান্য উপজেলায় যাতায়াত করছে। ব্যবসায়ীরা পণ্যসামগ্রী সি-ট্রাকে আনা-নেওয়া করে। অনেকে মনপুরা থেকে নিয়মিত তজুমদ্দিনে গিয়ে অফিস করে। কিন্তু ১০ এপ্রিল থেকে তজুমদ্দিন-মনপুরা-হাজীরহাট নৌপথের সি-ট্রাকটি বিকল হয়ে যায়। এখন জীবনের মায়া ত্যাগ করে ছোট ছোট ইঞ্জিনের নৌকায় চার ঘণ্টার উত্তাল নৌপথ পাড়ি দিতে হচ্ছে। এতে প্রতিদিনই ছোটখাটো দুর্ঘটনা ঘটছে। যাত্রীরা আরও জানায়, যদি কোনো পথে সি-ট্রাক বিকল হয় তবে সেখানে আরেকটি সি-ট্রাক চালু করে আগেরটি সংস্কারে নিতে হয়। কিন্তু কর্তৃপক্ষ সেটা না করে যাত্রীদের ভোগান্তিতে রেখেছে। এখন আদৌ সি-ট্রাকটি চালু হবে কি না তা নিয়েও যাত্রীরা আশঙ্কার মধ্যে আছে। ঘাটের ইজারাদার শহিদুল ইসলাম ও মাস্টার আবদুল মান্নান বলেন, ইঞ্জিন বিকল হওয়ায় সি-ট্রাকটি তজুমদ্দিন চরায় ওঠানো হয়। কিন্তু ইঞ্জিন সংস্কার করার পরে নদীতে পানি কমে যাওয়ায় নামানো যাচ্ছে না। জোয়ারে পানি বাড়লে নামানো হবে। এটি সংস্কারের আগে বিকল্প একটি চাওয়া হয়েছিল। কিন্তু কর্তৃপক্ষ দেয়নি। একই ধরনের কথা বলেন বিআইডব্লিউটিসির বরিশাল বিভাগের এজিএম গোপাল মজুমদার।