ভোলার তজুমদ্দিন-মনপুরা নৌপথে সি-ট্রাক চলাচল আবারও বন্ধ হয়ে গেল। এ নিয়ে গত দুই মাসে তিনবার সি-ট্রাক বন্ধ হলো। দুর্গম উপজেলা মনপুরার কয়েক শ মানুষ এখন জীবনের ঝুঁকি নিয়ে ছোট ছোট ইঞ্জিনের নৌকায় প্রতিদিন উত্তাল মেঘনা পাড়ি দিচ্ছে। এই পথে সি-ট্রাক ছাড়া ছোট নৌযানে করে যাত্রী পারাপারের ওপর নিষেধাজ্ঞা রয়েছে। ১২ মে সর্বশেষ সি-ট্রাকটি বন্ধ হয়ে যায়।বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা ( নবিআইডব্লিউটিসি) সূত্র জানায়, সমুদ্র পরিবহন অধিদপ্তর দেশের নদীগুলোকে শান্ত, সারা বছর অশান্ত ও মৌসুমি অশান্ত এ তিন ভাগে ভাগ করেছে। বছরের ১৫ মার্চ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত ঘূর্ণিঝড় ও কালবৈশাখীর ঝুঁকি থাকে। এ জন্য ভোলার তজুমদ্দিন, মনপুরা, চরফ্যাশন ও ইলিশা থেকে মজু চৌধুরীর হাটের মেঘনা নৌপথকে ‘মৌসুমি অশান্ত’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ সময় উত্তাল মেঘনায় সব যাত্রীবাহী ছোট নৌযান চলা ঝুঁকিপূর্ণ। নৌপরিবহন মন্ত্রণালয় এসব এলাকাকে লালবয়া এলাকা (বিপজ্জনক নৌপথ) হিসেবে চিহ্নিত করে সব ধরনের বেসরকারি যাত্রীবাহী ছোট নৌযান চলাচল নিষিদ্ধ করেছে।মনপুরা হাজীরহাট ব্যবসায়ী সমিতির সম্পাদক মো. মহিউদ্দিন ও মনপুরা মহিলা কলেজের শিক্ষক মো. শাহিন জানান, ভোলার মনপুরা মেঘনার মাঝে একটি দুর্গম উপজেলা। এ উপজেলার লক্ষাধিক মানুষ সি-ট্রাকে চড়ে ভোলা জেলা সদরসহ অন্যান্য উপজেলায় যাতায়াত করছে। ব্যবসায়ীরা পণ্য সি-ট্রাকে আনা-নেওয়া করেন। অনেকে মনপুরা থেকে নিয়মিত তজুমদ্দিনে অফিসে চাকরি করতে যান। কিন্তু গত ১০ এপ্রিল তজুমদ্দিন-মনপুরা-হাজীরহাট পথের সি-ট্রাকটির ইঞ্জিন বিকল হলে টানা ২২ দিন বন্ধ থাকে। এরপর সেটি চালু হয়ে তিন দিনের মাথায় আবার চার দিন বন্ধ ছিল। ১২ মে থেকে আবারও সি-ট্রাকটি বন্ধ হয়ে যাওয়ায় এসব মানুষ এখন জীবনের মায়া ত্যাগ করে ছোট ছোট নৌকায় চার ঘণ্টার উত্তাল নৌপথ পাড়ি দিচ্ছে।যাত্রীরা জানায়, কোনো পথে সি-ট্রাক বিকল হলে সেখানে আরেকটি সি-ট্রাক দিয়ে আগেরটি সংস্কারে নিতে হয়। কিন্তু ফেরি কর্তৃপক্ষ কোনো নোটিশ ছাড়াই বারবার সি-ট্রাক বন্ধ করে যাত্রীদের ভোগান্তিতে ফেলছে। সি-ট্রাকের মাস্টার মো. সাজ্জাদ হোসেন জানান, হঠাৎ করে যানটির ইঞ্চিন বিকল হওয়ায় কর্তৃপক্ষের নির্দেশে বরিশালে সংস্কার করতে পাঠানো হয়েছে। কবে নাগাদ এটি চালু হবে, তা নিশ্চিত করতে পারেননি তিনি। বিআইডব্লিউটিসির চেয়ারম্যান গোলাম মোস্তফা কামাল প্রথম আলোকে বলেন, ‘মনপুরা-তজুমদ্দিন নৌপথের সি-ট্রাক বন্ধ আছে, এ বিষয়টি জানা নেই। এখন জানলাম। ব্যবস্থা নেবো।’