ঝুঁকি নিয়ে কর্মস্থলে ফিরছে মানুষ
ঈদ ও দুর্গাপূজার ছুটি শেষ হয়েছে আরও আগে। অনেকে নির্বিঘ্নে কর্মস্থলে ফিরতে অতিরিক্ত এক-দুই দিন ছুটি নিয়েছিলেন। তাঁরা কর্মস্থলে ফিরতে গিয়ে চরম দুর্ভোগে পড়েছেন।
গত রোববার ও গতকাল সোমবার দুপুরে বরিশাল নৌবন্দরে গিয়ে দেখা গেছে, নির্দিষ্ট সময়ের অনেক আগেই লঞ্চ বোঝাই হয়ে গেছে। যাত্রীদের ভিড়ে লঞ্চে পা ফেলারও জায়গা নেই। সব লঞ্চ ধারণক্ষমতার দুই থেকে তিন গুণ বেশি যাত্রী নিয়ে বন্দর ছাড়ছে।
নিয়মিত সার্ভিসের পাশাপাশি অতিরিক্ত লঞ্চ থাকার পরও গতকাল যাত্রীদের চাপ সামাল দিতে হিমশিম খায় মালিক সমিতি ও বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। ১৩টি বিলাসবহুল লঞ্চের প্রতিটির কেবিনের সামনের বারান্দা, ছাদসহ পুরো লঞ্চ ছিল কানায় কানায় পূর্ণ।
বরিশালের বিলাসবহুল লঞ্চগুলোর জরিপ সনদ অনুযায়ী সুরভী-৭-এর ধারণক্ষমতা এক হাজার ২০৫ জন। একই ধারণক্ষমতা কীর্তনখোলা-২-এর। পারাবত-১১-এর ধারণক্ষমতা এক হাজার ২৫ জন ও সুন্দরবন-৮-এর এক হাজার ২০ জন। বাকি লঞ্চগুলোর ধারণক্ষমতা ৭৫০ থেকে ৯০০ জন। কিন্তু এসব লঞ্চে তিন হাজার থেকে সাড়ে তিন হাজার যাত্রী পরিবহন করা হচ্ছে।
ঢাকাগামী লঞ্চযাত্রী আশিক আহমেঞ্চদ জানান, ঝুঁকি ও ভিড় এড়াতে ঈদের ছুটির সঙ্গে অতিরিক্ত ছুটি নিয়েছিলেন। কিন্তু গতকাল দুপুরে ঘাটে এসে বিব্রতকর অবস্থায় পড়েন। কর্মস্থলে যোগ দিতে ভিড় ঠেলে অনেক কষ্টে ওঠেন লঞ্চে। জায়গা না পেয়ে বসেন কেবিনের বারান্দায়। সেখানেও অতিরিক্ত টাকা দিতে হয়েছে। বিকেল চারটায় অধিকাংশ লঞ্চের ছাদ ঠাসাঠাসি ছিল।
ছাদে চাদর বিছিয়ে বসেছিলেন আসিফ আহমেঞ্চদ। বললেন, ‘লঞ্চের কোথাও জায়গা না পেয়ে বাধ্য হয়ে ছাদে উঠেছি।’ একইভাবে ছাদে বসেছিলেন আনোয়ার হোসেন, মহসেনা আক্তার, নাছির উদ্দিন, মনিরা পারভীনসহ অনেকে। তাঁদের প্রত্যেকেরই ছুটি শেষ হওয়ায় ঝুঁকি নিয়েই ছাদে বসেছিলেন। এদিকে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ লঞ্চে অতিরিক্ত যাত্রী বোঝাই না করতে মাইকে ঘোষণা দিলেও সে নির্দেশ মানেননি লঞ্চমালিকেরা।
নাম প্রকাশ না করার শর্তে এক লঞ্চমালিক প্রথম আলোকে বলেন, ঢাকা-বরিশাল পথে সবচেয়ে বেশি ধারণক্ষমতাসম্পন্ন লঞ্চে এক হাজার ২০০ জন যাত্রী পরিবহন করা সম্ভব। কিন্তু যাত্রীদের চাপ সামাল দিতে সাড়ে তিন হাজারেরও বেশি যাত্রী নিতে হচ্ছে।
সুন্দরবন লঞ্চের চেয়ারম্যান, বরিশাল শিল্প ও বণিক সমিতির সভাপতি সাইদুর রহমান বলেন, যাত্রীর চাপ সামাল দিতে অতিরিক্ত লঞ্চ দেওয়া হয়েছে। তবু চাপ সামাল দেওয়া সম্ভব হয়নি।
ঝুঁকি নিয়ে লঞ্চ চলাচলের ব্যাপারে কথা হয় নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের উপপরিচালক আবুল বাসারের সঙ্গে। তিনি বলেন, জরিপ প্রতিবেদন অনুযায়ী, যাত্রী পরিবহন করা সম্ভব না হলেও লোড মার্কিং দেখে লঞ্চ ছাড়তে বাধ্য করা হচ্ছে। গত কয়েক দিনের তুলনায় শনি থেকে সোমবার পর্যন্ত যাত্রীর চাপ ছিল ভয়াবহ। তাই নির্ধারিত সময়ের আগেই লঞ্চগুলোকে বন্দর ছাড়তে বাধ্য করা হচ্ছে।
বিআইডব্লিউটিসি বরিশালের নির্বাহী প্রকৌশলী কমল মিত্র প্রথম আলোকে বলেন, ঈদের ভিড় আরও দু-এক দিন থাকবে। ঈদের স্পেশাল সার্ভিস থাকলেও ওই জাহাজে বরিশাল থেকে খুব বেশি যাত্রী দেওয়া সম্ভব হয় না। প্রতিদিন হুলারহাট থেকেই যাত্রী বোঝাই হয়ে আসে।