ঝুঁকি নিয়ে কাজ করছেন বিদ্যুৎ বিভাগের কর্মীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাদ ও দেয়াল থেকে পলেস্তারা খসে পড়ছে। কিছু কিছু স্থানে রড বের হয়ে আছে। এ দুরবস্থা পিরোজপুর জেলার বিদ্যুৎ বিভাগের দুটি কেন্দ্রের দুটি ভবনের। দীর্ঘদিন ধরে সংস্কার না করায় ভবন দুটির এ অবস্থা হয়েছে। এসব কেন্দ্রের কর্মচারীরা ভবন সংস্কারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বেশ কয়েকবার আবেদন করেছেন। কিন্তু তাতে কোনো কাজ হয়নি। এ কারণে তাঁরা ঝুঁকি নিয়ে কাজ করছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, পিরোজপুর শহরের কেন্দ্রস্থলে শহীদ ওমর ফারুক সড়কের পাশে বিদ্যুৎ বিভাগের একটি অভিযোগ কেন্দ্র ও শহরের বাইপাস সড়কে একটি ৩৩/১১ কেভি উপকেন্দ্র রয়েছে। প্রতিটি কেন্দ্রের একটি একতলা করে ভবন রয়েছে। ভবন দুটি ২০০০ সালে নির্মাণ করা হয়। গত শনিবার সকালে অভিযোগ কেন্দ্রের লাইনম্যান শ্যামলাল বড়ালের সঙ্গে কথা হয়। তিনি জানান, এ ভবনটির দৈর্ঘ্য ১৫ ফুট ও প্রস্থ ১২ ফুট। এখানে তিনিসহ কয়েকজন লাইনম্যান ও হেলপার দায়িত্ব পালন করেন। তিনি বলেন, ‘ভবনের ছাদের রড বের হয়ে আছে। দেয়াল ও ছাদ থেকে পলেস্তারা খসে পড়ছে। বৃষ্টি হলে ছাদ চুইয়ে পানি পড়ে। এভাবে আমরা জীবনের ঝুঁকি নিয়ে বছরের পর বছর দায়িত্ব পালন করে আসছি।’
বিদ্যুৎ উপকেন্দ্রের এসবিএ (সুইচবোর্ড অ্যাটেনডেন্ট) আনোয়ার হোসেন জানান, উপকেন্দ্রের ভবনের দৈর্ঘ্য ১০০ ফুট ও প্রস্থ ৬০ ফুট। ছাদ ও ছাদের বিম ফেটে পলেস্তারা খসে পড়ছে। অনেক স্থানে রড বেরিয়ে পড়েছে।
তিনি আরও জানান, পিরোজপুর পৌর শহরসহ জেলার বিভিন্ন উপজেলায় এখান থেকে বিদ্যুৎ সরবরাহ করা হয়। পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ প্রতিষ্ঠান (ওজোপাডিকো) পিরোজপুর কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী সাইদুর রহমান বলেন, অভিযোগকেন্দ্র ও ৩৩/১১ কেভি উপকেন্দ্রের ভবন সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।