ঝুঁকি নিয়ে ক্লাস করছে পাঁচ শতাধিক শিশু
ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় এক বছর আগে গোপালগঞ্জ শহরের এসএস মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি ভবন পরিত্যক্ত ঘোষণা করা হয়। সেই ভবনেই ঝুঁকি নিয়ে পাঁচ শতাধিক শিশুকে পাঠদান করা হচ্ছে।বিদ্যালয় সূত্রে জানা গেছে, বিদ্যালয়টির দুটি ভবনে সাতটি করে ১৪টি শ্রেণীকক্ষ রয়েছে। এর মধ্যে ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় এক বছর আগে একটি ভবন পরিত্যক্ত ঘোষণা করা হয়। পাশাপাশি নতুন একটি ভবন নির্মাণেরও অনুমোদন দেওয়া হয়। ভবনটির নির্মাণকাজ শুরু হয়নি। বিদ্যালয়ে মোট এক হাজার ৯১ জন শিক্ষার্থী রয়েছে।বিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, পরিত্যক্ত ভবনটিতে পাঠদান করানোর কারণে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা আশঙ্কা রয়েছে। কিন্তু নিরুপায় হয়ে তারা সেখানেই পাঠদান করাতে বাধ্য হচ্ছে।সরেজমিনে দেখা গেছে, ভবনটির ছাদের পলেস্তারা খসে পড়ছে। বিভিন্ন স্থানে ফাটল ধরেছে। বেশ কিছু জানালা ভেঙে গেছে। প্রধান শিক্ষক শামিম আক্তার জাহান বলেন, ‘নতুন একটি ভবন পাস হয়েছে এক বছর আগে, কিন্তু কাজ শুরু হচ্ছে না। এ কারণে পরিত্যক্ত ভবনে ক্লাস নিতে হচ্ছে।জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুস সালাম বলেন, একটি প্রকল্পের আওতায় বিদ্যালয়টিতে বড় একটি ভবন নির্মাণের কথা রয়েছে। তিনি স্কুল কর্তৃপক্ষকে কোনো বড় দাতা বা ব্যবস্থাপনা কমিটির সহায়তা নিয়ে অস্থায়ী শ্রেণীকক্ষ নির্মাণ করে ক্লাস নেওয়ার পরামর্শ দিয়েছেন।