নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের টিকেরডাঙ্গা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের মূল ভবন ধসের আশঙ্কায় উদ্বিগ্ন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা। বিকল্প না থাকায় ঝুঁকি নিয়ে ক্লাস করেন শিক্ষক ও শিক্ষার্থীরা।সরেজমিনে দেখা গেছে, বিদ্যালয়ের একমাত্র ভবনের চারটি কক্ষের মধ্যে তিনটি শ্রেণীকক্ষ ও অন্যটি কার্যালয়। প্রতিটি কক্ষের ছাদের পলেস্তারা খসে পড়ছে। বারান্দার পিলার ও দেয়ালে ফাটল ধরেছে। মেঝে ধসে পড়ছে। এর মধ্যেই ক্লাস করছে শিক্ষার্থীরা।বিদ্যালয়ের সূত্রে জানা গেছে, ১৯৬৯ সালে দেড় একর জমির ওপর এ বিদ্যালয়টি প্রতিষ্ঠিত। বর্তমানে শিক্ষক তিনজন ও শিক্ষার্থী ২২৬। গ্রামের সব খেলাধুলা হয় এ স্কুলের মাঠে। ১৯৯৩-৯৪ সালে একতলা ভবনটি নির্মিত হয়।বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি সরদার সিরাজুল ইসলাম জানান, নির্মাণের সময় উপজেলা প্রকৌশলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও জেলা প্রশাসকের কাছে নিম্নমানের কাজের বিষয়টি লিখিতভাবে জানানো হয়েছিল। বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. কামরুজ্জামান ও হাসমত আলী শেখ জানান, প্রতিদিন ক্লাস চলাকালে শিক্ষার্থীদের মাথায় ও বেঞ্চের ওপর ছাদের পলেস্তারা খসে পড়ছে। বৃষ্টি হলে ছাদ চুইয়ে পানি পড়ে। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী আদরি খানম, জিহাদ মোল্লা ও পলি খানম জানায়, ক্লাসে বই ও স্যারের চেয়ে ছাদের দিকে বেশি নজর রাখতে হয়। ছাদের বালু পড়ে বই-খাতা ও জামাকাপড় নষ্ট হয়।প্রধান শিক্ষক সরদার আছাদুজ্জামান জানান, এ অবস্থায় ক্লাস নেওয়া বিপজ্জনক। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. লুৎফর রহমান বলেন, বিষয়টি নিয়ে শিক্ষা কমিটিতে আলোচনা হয়েছে। শিক্ষা কমিটির কার্যবিবরণীসহ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে অবহিত করা হয়েছে।