ঝুঁকি নিয়ে চলছিল কার্গো উড়োজাহাজটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

কক্সবাজারে বিধ্বস্ত হওয়া কার্গো বিমানটি আগে থেকেই ঝুঁকি নিয়ে চলছিল। শুধু তা-ই নয়, ইউরোপিয়ান এভিয়েশন সেফটি এজেন্সি কর্তৃক সীমিত উড্ডয়নের জন্য ছাড়পত্র পাওয়া উড়োজাহাজটি যেভাবে তদারকির কথা ছিল, সেটাও মানা হয়নি বলে সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে।
এ ছাড়া ইউক্রেন থেকে আনা পুরোনো এই উড়োজাহাজের অনেক যন্ত্রাংশ ছিল মেয়াদোত্তীর্ণ। তারপরও ট্রু এভিয়েশন কক্সবাজার থেকে চিংড়ির পোনা পরিবহন করছিল বলে অভিযোগ পাওয়া গেছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) একটি সূত্র জানায়, কক্সবাজার থেকে যশোরে মাছের পোনা বহনকারী প্রায় সব কার্গো উড়োজাহাজেই কিছু না কিছু ত্রুটি রয়েছে। এগুলোর তদারকি বা পর্যবেক্ষণ করার ক্ষেত্রে ঘাটতি আছে।
এদিকে গত বুধবার ট্রু এভিয়েশনের কার্গো বিমানটি বিধ্বস্ত হওয়ার ঘটনায় বেবিচকের সদস্য (পরিচালন ও পরিকল্পনা) এয়ার কমোডর মোস্তাফিজুর রহমানকে প্রধান করে চার সদস্যের একটি কমিটি করা হয়েছে। কমিটি ইতিমধ্যে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছে। গতকাল তাঁরা চট্টগ্রামে ছিলেন। কমিটির প্রধানের বক্তব্য জানার জন্য তাঁর মুঠোফোনে অনেকবার কল করা হলেও তিনি ধরেননি।
বাংলাদেশের বেসরকারি কার্গো বিমান সংস্থা ট্রু এভিয়েশনের একটি বিমান চিংড়ি পোনা নিয়ে কক্সবাজার থেকে যশোর যাওয়ার পথে গত বুধবার সকালে বঙ্গোপসাগরে বিধ্বস্ত হয়। এতে দুই পাইলট ও একজন ফ্লাইট ইঞ্জিনিয়ার নিহত ও ফ্লাইট নেভিগেটর আহত হন। এঁরা সবাই ইউক্রেনের নাগরিক।
বেবিচক ও ট্রু এভিয়েশনের সঙ্গে যুক্ত একাধিক সূত্র জানায়, দুই ইঞ্জিনবিশিষ্ট বিমানটি কক্সবাজার বিমানবন্দর থেকে ওড়ার পরপরই বাম পাশের ইঞ্জিন বিকল হয়ে যায়। পাইলট কক্সবাজার বিমানবন্দরে জরুরি অবতরণের জন্য বেতারবার্তা পাঠান। অনুমতি পাওয়ার পর বিমানটি প্রথমে অবতরণের চেষ্টা করে আবার আকাশে উঠে যায়। এরপর দ্বিতীয়বার নামার চেষ্টা করতে গিয়ে বিধ্বস্ত হয়।
২০১৪ সালে ট্রু এভিয়েশন ইউক্রেন থেকে ভাড়া করা দুটি পুরোনো ছোট উড়োজাহাজ নিয়ে ট্রু এভিয়েশন কক্সবাজার থেকে যশোরে চিংড়ির পোনা বহন করে আসছিল। তবে বেবিচকের ওয়েবসাইটে ট্রু এভিয়েশনের নাম নেই।
একজন কর্মকর্তা বলেন, অন্য দেশে নিবন্ধিত উড়োজাহাজের যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন বা ইউরোপিয়ান এভিয়েশন সেফটি এজেন্সির (ইএএসএ) সত্যায়ন থাকলে এ দেশে উড্ডয়নের জন্য অনুমতি দেয় বেবিচক। ট্রু এভিয়েশনের আনা ওই দুটি উড়োজাহাজের ইএএসএর ‘রেসট্রিক্টেড টাইপ সার্টিফিকেট’ (সীমিত উড্ডয়নের সনদ) দিয়ে বেবিচকের উড্ডয়ন সক্ষমতার ছাড়পত্র পায়। ওই কর্মকর্তা বলেন, এ ধরনের ক্ষেত্রে ওই উড়োজাহাজ দুটি যে ধরনের মনিটরিংয়ে (তদারকি) থাকার কথা ছিল, সেটা করা হয়নি।
ট্রু এভিয়েশনের উড়োজাহাজটি পরিদর্শন বা তদারকির দায়িত্বে ছিলেন এয়ারওয়ার্দিনেস ইন্সপেক্টর মো. শফিউল আজম। তিনি বিদেশে থাকায় তাঁর বক্তব্য নেওয়া যায়নি। ট্রু এভিয়েশনের স্বত্বাধিকারী মশিউর রহমান (তুষার) এখন রাশিয়ায় অবস্থান করছেন। গতকাল টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি উড়োজাহাজে ত্রুটি থাকার কথা অস্বীকার করেন। তিনি বলেন, এ বিষয়ে তদন্ত কমিটি হয়েছে। তদন্ত শেষ হলে জানা যাবে দুর্ঘটনার কারণ কী।