ঝুঁকি নিয়ে চলছে ক্লাস

ছাদের পলেস্তারা খসে পড়ছে। বেরিয়ে পড়েছে ছাদের বিমের রড। বৃষ্টি হলে ছাদ চুইয়ে পানি পড়ে। এ অবস্থায় ঝুঁকি নিয়ে চলছে শ্রেণি কার্যক্রম।
এই চিত্র ফেনীর দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নের পশ্চিম রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের।
বিদ্যালয় সূত্র জানায়, ১৯৭২ সালে রেজ্জাকুল হায়দার ওরফে রুদা মিয়া, আবদুস সোবহান, তোফাজ্জল হোসেন, ছিদ্দিকুর রহমান, মকবুল হোসেনসহ স্থানীয় বিদ্যোৎসাহী ব্যক্তিরা গ্রামে একটি প্রাথমিক বিদ্যালয় স্থাপনের উদ্যোগ নেন। ওই বছর স্থানীয় লোকজন বিদ্যালয়ের জন্য ৫৭ দশমিক ৫ শতক জমি দান করেন। তারপর এলাকাবাসীর চাঁদার টাকায় তৈরি টিনের ঘরে কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ের যাত্রা শুরু হয়। ১৯৭৮ সালে বিদ্যালয়টি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের স্বীকৃতি পায়। ১৯৯৪ সালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে ৪ লাখ ২০ হাজার টাকা ব্যয়ে চার কক্ষের একটি একতলা পাকা ভবন নির্মাণ করা হয়। ২০১৩ সালে বিদ্যালয়টি সরকারি করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইউছুফ আলী বলেন, বিদ্যালয়ে বর্তমানে তিনিসহ শিক্ষক আছেন পাঁচজন। শিক্ষার্থীর সংখ্যা ১৬০ জন। বিদ্যালয় ভবনের চারটি কক্ষের মধ্যে ছোট কক্ষটি শিক্ষক মিলনায়তন হিসেবে ব্যবহৃত হয়। বাকি তিনটি শ্রেণিকক্ষ। এক দিন বৃষ্টি হলে এক সপ্তাহ ছাদ চুইয়ে পানি পড়ে। এ সময় শ্রেণি কার্যক্রম চালাতে কষ্ট হয়। বিদ্যালয়ের শিক্ষা উপকরণ নষ্ট হওয়ার পথে। তিনি বলেন, ছাদের পলেস্তারা খসে পড়ার ভয়ে বেশ কিছু শিক্ষার্থীকে তাদের অভিভাবকেরা অন্য স্কুলে ভর্তি করিয়েছেন।

প্রধান শিক্ষক বলেন, তিনটি শ্রেণিকক্ষে শিক্ষা কার্যক্রম চালাতে সমস্যা হয়। এ ছাড়া বিদ্যালয়ে আসবাবেরও সংকট আছে।
পঞ্চম শ্রেণির শিক্ষার্থী তানজিনা আক্তার ও চতুর্থ শ্রেণির ফাহমিদা আফরোজ বলল, ক্লাস করতে ভয় হয়। কখন ছাদের পলেস্তারা খসে মাথায় পড়ে—তাদের সে ভয়ে থাকতে হয়। ছাদ চুইয়ে পানি পড়ে বই-খাতা ও জামাকাপড় ভিজে যায়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সহসভাপতি আবুল খায়ের বলেন, বর্তমান ভবনটি পরিত্যক্ত ঘোষণা করে একটি নতুন ভবন নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বহুবার আবেদন করা হয়েছে।
ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, বিদ্যালয় ভবনটির জরাজীর্ণ অবস্থার কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে।
দাগনভূঞা উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদারুল কবির বলেন, বিদ্যালয়টির জরাজীর্ণ ভবন সম্পর্কে উপজেলা উন্নয়ন সমন্বয় সভায় আলোচনা হয়েছে। তিনি বলেন, অগ্রাধিকার ভিত্তিতে একটি নতুন ভবন নির্মাণের জন্য সংশ্লিষ্ট অধিদপ্তরে চিঠি দেওয়া হয়েছে।