ঝুঁকি নিয়ে চলছে পাতিলাখালি বিদ্যুৎ উপকেন্দ্র
জরাজীর্ণ, অচল ও মেয়াদোত্তীর্ণ যন্ত্রপাতি দিয়ে চলছে পাবনার ঈশ্বরদীর পাতিলাখালী বিদ্যুৎ উপকেন্দ্র। ঘটছে নানা অনাকাঙ্ক্ষিত ত্রুটি-বিচ্যুতি। ফলে ঝুঁকি নিয়ে চলছে উপকেন্দ্রটি।
উপকেন্দ্র সূত্রে জানা যায়, ১৯৯৫ সালে ঈশ্বরদী ৩৩/১১ লাইনের এই উপকেন্দ্রটি চালু হয়। দীর্ঘ ১৯ বছরের পুরোনো যন্ত্রপাতি দিয়ে এ কেন্দ্র থেকে বিদ্যুৎ সঞ্চালনের কাজ চলছে। এ উপকেন্দ্র থেকে ঈশ্বরদী শহর, সাঁড়া ইউনিয়ন ও নাটোরের লালপুর উপজেলার দুটি ইউনিয়নের ২০ হাজার গ্রাহকের মধ্যে বিদ্যুৎ সরবরাহ করা হয়।
নাম প্রকাশ না করার শর্তে সুইজ বোর্ড অ্যাটেনডেন্ট জানান, মাঝেমধ্যে হঠাৎ করে সুইচ বোর্ডে আগুন ধরে যায়। চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত এ ধরনের ১০টি ঘটনা ঘটেছে।
নাম প্রকাশ না করার শর্তে কেন্দ্রের একজন কর্মকর্তা বলেন, বিদ্যুৎ লাইনের ১১ হাজার কেভির একমাত্র প্যানেল বোর্ড চার বছর আগে মেয়াদোত্তীর্ণ হওয়ায় এটি অকেজো হয়ে পড়েছে। এই প্যানেল বোর্ডের মিটার আর কাজ করে না। ব্রেকার ও রিলে যন্ত্র নষ্ট হয়ে গেছে। সুইচবোর্ড নষ্ট হয়ে আছে দুই বছর ধরে। কোনো কোনো যন্ত্রের মেয়াদ আট বছর আগে শেষ হয়েছে। কিন্তু এখনো সংস্কার করা হয়নি। বাধ্য হয়ে জোড়াতালি দিয়ে এসব যন্ত্রপাতি চালানো হচ্ছে।
সুইচবোর্ড অ্যাটেনডেন্ট আতাহার হোসেন জানান, পুরোনো যন্ত্রপাতি পরিবর্তনের জন্য বিদ্যুৎ সরবরাহের কর্মকর্তাদের জানানো হয়েছে।
ঈশ্বরদী বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের আবাসিক প্রকৌশলী উৎপল কুমার সাহ যন্ত্রপাতি পরিবর্তন প্রসঙ্গে তিনি জানান, প্রধান কার্যালয় থেকে ঈশ্বরদীতে বিদ্যুতের উন্নয়ন কাজের জন্য কিছু মালামাল বরাদ্দ হয়েছে। অল্পদিনের মধ্যেই এ কাজ শুরু হবে।