ঝুঁকি নিয়ে চলছে যাত্রীবাহী লঞ্চ
মেঘনা নদীর পানি বেড়ে যাওয়ায় চাঁদপুর মোহনায় কয়েক দিন ধরে তীব্র স্রোত ও ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। প্রবল ঘূর্ণিস্রোত ঠেলে বিভিন্ন স্থান থেকে আসা যাত্রীবাহী লঞ্চ ও স্টিমারগুলো চাঁদপুর ঘাটে ভিড়তে গিয়ে মারাত্মক ঝুঁকির সম্মুখীন হচ্ছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চাঁদপুর কার্যালয়ের মার্কম্যান মমিনুল ইসলাম ও মেঘনাপাড়ের বড়স্টেশন এলাকার দোকানদার মো. শাহিন জানান, ২২ জুলাই রাত ১১টার দিকে বোগদাদিয়া-৮ এবং এমভি ভোলা নামে দুটি লঞ্চ প্রবল ঘূর্ণিস্রোতে পড়ে নিয়ন্ত্রণ হারালে লঞ্চ দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় দুজন যাত্রী নদীতে পড়ে যান। পরে তিন কিলোমিটার দক্ষিণে হরিণা ফেরিঘাট এলাকা থেকে তাঁদের উদ্ধার করা হয়। অল্পের জন্য দুটি লঞ্চ ডুবে যাওয়া থেকে রক্ষা পায়। চাঁদপুর লঞ্চঘাট এলাকার বেশ কয়েকজন বাসিন্দা জানান, মেঘনার মোহনায় তীব্র ঘূর্ণিস্রোতের মধ্যে ঢাকা ও বরিশাল থেকে আসা বড় বড় লঞ্চ কোনোমতে চাঁদপুর ঘাটে ভিড়তে পারলেও ছোটগুলোকে চরম ঝুঁকির মধ্যে পড়তে হচ্ছে। ঢাকা-চাঁদপুর পথে চলাচলকারী যাত্রীবাহী ঈগল লঞ্চের চালক আনোয়ার হোসেন জানান, ঈগল বড় লঞ্চ। এটি এ রকম ঝুঁকি নিয়ে চলতে পারে। কিন্তু অন্যান্য লঞ্চের এমন ঘূর্ণিস্রোতে পড়ে ডুবে যাওয়ার আশঙ্কাই বেশি। এই ঝুঁকিপূর্ণ মোহনা এড়াতে আরও অন্তত ১৫ দিন আগেই লঞ্চঘাট সরানো প্রয়োজন ছিল বলে তিনি মত দেন। চাঁদপুর নদীবন্দরের উপপরিচালক মুহমঞ্চদ মোবারক হোসেন বলেন, রোববারের (আজ) মধ্যে ঘাটটি সরিয়ে বিকল্প মাদ্রাসা ঘাটে নেওয়া হবে।