ঝুঁকি নিয়ে চলছে যান আতঙ্কে যাত্রীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশের বিভিন্ন জেলায় সড়কগুলো বেহাল হয়ে পড়েছে। কোথাও কোথাও নির্মাণের অল্প দিনের মধ্যেই পিচ–খোয়া উঠে গেছে। সৃষ্টি হয়েছে গর্তের। কোথাও সড়ক ধসে পড়েছে। এসব সড়ক নিয়ে ধারাবাহিক প্রতিবেদন
ভোলা-চরফ্যশন-বাবুরহাট আঞ্চলিক মহাসড়কের অনেক স্থানে খানাখন্দ তৈরি হয়েছে। বৃষ্টি হলে এসব গর্তে পানি জমে। লালমোহন হাসপাতালের সামনে থেকে গত রোববার তোলা ছবি l প্রথম আলো
ভোলা-চরফ্যশন-বাবুরহাট আঞ্চলিক মহাসড়কের অনেক স্থানে খানাখন্দ তৈরি হয়েছে। বৃষ্টি হলে এসব গর্তে পানি জমে। লালমোহন হাসপাতালের সামনে থেকে গত রোববার তোলা ছবি l প্রথম আলো

সংস্কার না করায় ভোলা-চরফ্যাশন-দক্ষিণ আইচা-বাবুরহাট আঞ্চলিক মহাসড়কের অনেক স্থানে ছোট-বড় গর্ত তৈরি হয়েছে। বৃষ্টি হলে এসব গর্তে জমে পানি। এ কারণে ঝুঁকি নিয়ে যান চলাচল করছে। এই সড়কে দুর্ঘটনার আতঙ্কে থাকেন যাত্রীরা।
সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, আঞ্চলিক এ মহাসড়কের দৈর্ঘ্য ৮৪ কিলোমিটার। এর মধ্যে ৬০ কিলোমিটারের বিভিন্ন স্থানে ভাঙা-গর্ত, উঁচু-নিচু। রাস্তার দুই পাশ অনেকটা ভেঙে গেছে। হেঁটে চলার পথ নেই। ভোলা শহরের বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাসস্ট্যান্ড থেকে বাংলাবাজার পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার অংশে ছোট ছোট অসংখ্য গর্ত। বাংলাবাজার থেকে ১৭৫ মিটার অংশ ভালো। এরপর থেকে আবার লালমোহন থানার সামনে পর্যন্ত প্রায় ৩২ কিলোমিটারে অনেক গর্ত রয়েছে। লালমোহন থেকে চরফ্যাশন বাজার পর্যন্ত প্রায় ২২ কিলোমিটারের অবস্থা কিছুটা ভালো। চরফ্যাশন বাজার থেকে শশীভূষণ পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার সম্প্রতি সংস্কার করলেও এরপর থেকে বাবুরহাট পর্যন্ত প্রায় ১৩ কিলোমিটার খানাখন্দে ভরা। এ ছাড়া এ সড়কে ঝুঁকিপূর্ণ একাধিক বেইলি সেতু রয়েছে।
বোরহানউদ্দিন উপজেলার কুঞ্জেরহাটের আমির হোসেনসহ কয়েকজন বাসযাত্রী প্রথম আলোকে বলেন, এ মহাসড়ক পাঁচটি উপজেলার মধ্য দিয়ে গেছে। শত শত মানুষ প্রতিদিন বিভিন্ন গন্তব্যে যায়। কিন্তু বেহাল মহাসড়কের কারণে বাসের ঝাঁকুনিতে যাত্রীদের অবস্থা কাহিল হয়ে পড়ে। প্রায় সব সময় তাঁদের আতঙ্কে থাকতে হয়—কখন জানি বাস উল্টে যায়। কিংবা নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে পড়ে। যাত্রীবাহী যানবাহন ছাড়াও এ পথে প্রতিদিন শত শত ট্রাক চলাচল করে। ইতিমধ্যে মহাসড়কটি চলাচলের প্রায় অনুপযোগী হয়ে পড়েছে।
লালমোহন পৌরসভার কাউন্সিলর মো. সাইফুল ইসলাম বলেন, মহাসড়কের লালমোহন উপজেলার আট কিলোমিটার অংশে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। অনেক স্থানে গর্ত এত বড় যে প্রায়ই যানবাহন উল্টে যায়। সড়কটি জরুরি ভিত্তিতে সংস্কার দরকার।
জেলা বাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মিজানুর রহমান হাওলাদার বলেন, মহাসড়ক বেহাল হওয়ায় প্রতি মাসে ১০-১২টি সড়ক দুর্ঘটনা ঘটে। প্রতিদিনই যানবাহন ক্ষতিগ্রস্ত হয়।
লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামছুল আরিফ বলেন, বন্যা, অস্বাভাবিক জোয়ার ও জলোচ্ছ্বাসসহ দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মহাসড়কটির লালমোহন অংশ বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। মেরামত জরুরি।
সড়ক ও জনপথ (সওজ) বিভাগের ভোলা কার্যালয়ের কর্মকর্তারা বলছেন, আঞ্চলিক এ মহাসড়কের প্রস্থ ৫ দশমিক ৫ মিটার। তা ৭ দশমিক ১ মিটার প্রস্থ করা উচিত। এ ছাড়া ৬০ কিলোমিটার সংস্কার ও পুরো ৮৪ কিলোমিটারের দুই পাশে হেঁটে চলার পথ নির্মাণ করা জরুরি।
সওজের ভোলা কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী নাজমুল ইসলাম বলেন, মহাসড়কটির গুরুত্বপূর্ণ ১৪ কিলোমিটার সংস্কারের একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। তা অনুমোদনের অপেক্ষায়। আরও আট কিলোমিটারের সংস্কারে দরপত্রের প্রক্রিয়া চলছে। তা ছাড়া আপাতত চলাচলের জন্য তাঁরা ইট-বালু ফেলে গর্ত ভরাট করছেন।