ঝুঁকি নিয়ে চলছে যানবাহন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘদিন ধরে পার্বতীপুর-দিনাজপুর সড়কের সম্প্রসারণ ও সংস্কার না হওয়ায় দিন দিন এ সড়কে যানবাহন ও পথচারীদের চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। সরু রাস্তা, ত্রুটিপূর্ণ বেশ কয়েকটি সেতু ও কালভার্টের কারণে ব্যস্ত এ সড়কে স্বাভাবিক গতিতে যানবাহন চলাচল করতে পারছে না।
খোঁজ নিয়ে জানা গেছে, পার্বতীপুর থেকে দিনাজপুর পর্যন্ত সড়কটির দূরত্ব প্রায় ২৯ কিলোমিটার। এটুকু সড়ক পার হতেই যানগুলোকে পাঁচটি সেতু (এর মধ্যে তিনটি বেইলি সেতু) ও চারটি কালভার্ট অতিক্রম করতে হয়। সেতু ও কালভার্টগুলো ত্রুটিপূর্ণ বলে জানিয়েছে সওজ। সড়কটির বেশির ভাগ অংশ ১২ ফুট প্রশস্ত। তবে বাজার এলাকায় এটি ১৮ ফুট পর্যন্ত চওড়া। সড়ক ও জনপথ (সওজ) বলছে, সড়কটি কমপক্ষে ১৮ ফুট প্রশস্ত হওয়া প্রয়োজন।
এলাকার অনেকে জানান, সরু রাস্তার কারণে একটি গাড়ি অন্যটিকে পাশ কাটিয়ে যেতে পারে না। ফলে পার্বতীপুর থেকে দিনাজপুর যেতে ৪৫ মিনিটের জায়গায় দেড় ঘণ্টারও বেশি সময় লাগে। এ ছাড়া প্রায়ই এ সড়কে দুর্ঘটনা ঘটছে। দিনাজপুর থেকে পার্বতীপুর হয়ে সড়কটি সরাসরি বিভাগীয় শহর রংপুরের সঙ্গে যুক্ত হয়েছে। এতে এ সড়কের গুরুত্ব আগের চেয়ে অনেক বেড়ে গেছে। তবে দীর্ঘদিন ধরে এ সড়কের সংস্কার ও উন্নয়ন না হওয়ায় তাঁদের ভোগান্তির শিকার হতে হচ্ছে।
এদিকে পার্বতীপুর-দিনাজপুর সড়কের আত্রাই নদীর ওপর বেইলি সেতুটি খুবই নড়বড়ে ও ঝুঁকিপূর্ণ। ছোট যমুনা নদীর ওপর পাকা সেতুটিও সরু ও ঝুঁকিপূর্ণ। এই দুই সেতুর এক প্রান্তে কোনো যানবাহন উঠলে অপর প্রান্তে যানবাহন ও পথচারীকে অপেক্ষা করতে হয়।
দিনাজপুর সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আব্দুর রশীদ জানান, পিরিয়ডিক মেইনটেন্যান্স প্রোগ্রামের (পিএমপি) আওতায় ২০১৩-১৪ অর্থবছরে ওই সড়ক ১৮ ফুট প্রশস্তকরণ ও সংস্কারকাজের জন্য ১৪ কোটি টাকার প্রাক্কলিত একটি উন্নয়ন প্রকল্প চার মাস আগে সওজের প্রধান প্রকৌশলীর কাছে পাঠানো হয়েছে। এ ছাড়া ওয়েস্টার্ন সেতু প্রজেক্টের আওতায় ওই সড়কের ত্রুটিপূর্ণ তিনটি বেইলি সেতু, দুটি সেতু ও চারটি কালভার্ট পুনর্নির্মাণের জন্যও বরাদ্দ চাওয়া হয়েছে। কিন্তু ২০১৩-২০১৪ অর্থবছরের উন্নয়ন পরিকল্পনায় সেগুলো এখনো অন্তর্ভুক্ত হয়নি। তবে গত তিন-চার বছরে পার্বতীপুর-রংপুর ৩৯ কিলোমিটার সড়ক ১৮ ফুট প্রশস্ত করা হলেও পার্বতীপুর-চিরিরবন্দর-দিনাজপুর সড়কের কোনো উন্নয়ন হয়নি।
আউলিয়া পুকুর ইউপির চেয়ারম্যান হাবিবুল হাসান জানান, চার-পাঁচ মাস আগে ঢাকায় প্রধানমন্ত্রীর সঙ্গে ইউপি চেয়ারম্যানদের বৈঠক হয়। বৈঠকে পার্বতীপুর, চিরিরবন্দর, বীরগঞ্জ, বোচাগঞ্জ ও ঘোড়াঘাট উপজেলার ইউপি চেয়ারম্যানেরা প্রধানমন্ত্রীর কাছে পার্বতীপুর-দিনাজপুর সড়ক সংস্কার ও উন্নয়নের দাবি তোলেন। তবে এখন পর্যন্ত সড়কটি সংস্কার ও উন্নয়নে কোনো উদ্যোগ নেওয়া হয়নি।