দীর্ঘদিন সংস্কার না হওয়ায় চলাচলের অযোগ্য হয়ে পড়েছে শেরপুর-শ্রীবরদী-বকশীগঞ্জ সড়ক। অসংখ্য খানাখন্দে ভরা ও গুরুত্বপূর্ণ কুড়িকাহনীয়া বেইলি সেতুর কয়েকটি পাটাতনের স্পার সরে যাওয়ায় বর্তমানে এ সড়কটিতে যাত্রীসাধারণ ও যানবাহনগুলো ঝুঁকি নিয়ে চলাচল করছে।শেরপুর সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা গেছে, আশির দশকে থানা লিংক রোড হিসেবে নির্মিত শেরপুর-শ্রীবরদী-বকশীগঞ্জে ২৬ কিলোমিটার দীর্ঘ সড়কটির প্রশস্ততা ১২ ফুট এবং পেভমেন্ট থিকনেস মাত্র ১৩ ইঞ্চি, যা ভারী ও অতিরিক্ত যানবাহন চলাচলের জন্য সম্পূর্ণ অনুপযুক্ত। বর্তমানে এ সড়কে প্রতিদিন গড়ে পাঁচ শতাধিক যাত্রী ও পণ্যবাহী যানবাহন চলাচল করে থাকে। এ সড়কপথে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার কামালপুর স্থলবন্দরের মাধ্যমে ভারত থেকে বাংলাদেশে কয়লা, পাথর ও চাল আমদানি এবং বাংলাদেশ থেকে ভারতে রপ্তানিযোগ্য পণ্য পরিবহন করা হয়।অন্যদিকে কুড়িগ্রাম জেলার রাজীবপুর ও রৌমারী উপজেলার সঙ্গে শেরপুর জেলার সড়ক যোগাযোগব্যবস্থা স্থাপিত হওয়ায় উত্তরাঞ্চলের বিপুলসংখ্যক মানুষ প্রতিদিন এ সড়কপথে ঢাকা, জামালপুর, টাঙ্গাইল, উত্তরবঙ্গসহ দেশের অন্যান্য স্থানে যাতায়াত করে থাকে। ফলে স্বাভাবিকভাবেই এ সড়কে অতিরিক্ত যানবাহন চলাচলের চাপ বেড়ে গেছে।সরেজমিনে গিয়ে পরিদর্শনকালে এ সড়কে নিয়মিত চলাচলকারী গ্রামীণফোনের বিক্রয় প্রতিনিধি ও বকশীগঞ্জ উপজেলা শহরের বাসিন্দা বাবন কুমার সাহা জানান, এ সড়কে সব সময় ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়। বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টি হলে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে সড়কটি চলাচলের অযোগ্য হয়ে পড়ে। সড়কটির অবস্থা এত করুণ যে এর ওপর দিয়ে বাইসাইকেল চালিয়ে যাওয়াও কষ্টকর। এমনকি রাতে পথচারীদের সাবধানে হেঁটে চলতে হয়।শ্রীবরদীর অ্যাম্বুলেন্সচালক মোহাম্মদ ইব্রাহিম জানান, ভাঙাচোরা এ সড়ক দিয়ে মুমূর্ষু রোগী পরিবহনকালে রোগীর জীবন সংকটাপন্ন হয়ে পড়ে। তাই সড়কটির দ্রুত সংস্কার করা প্রয়োজন।শেরপুর জেলা বাস-কোচ মালিক সমিতির কার্যনির্বাহী পরিষদের সদস্য সুজিত কুমার ঘোষ বলেন, শেরপুর-বকশীগঞ্জ সড়কটির বেহাল অবস্থার কারণে এ সড়কে চলাচলকারী যানবাহনগুলোর খুচরা যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং এ কারণে তাদের রক্ষণাবেক্ষণ ব্যয় বেড়ে যাচ্ছে।শেরপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সৈয়দ আসলাম আলী জানান, অভ্যন্তরীণ ক্ষেত্রে উন্নত যোগাযোগব্যবস্থা ও বহিঃবাণিজ্যের স্বার্থে গুরুত্বপূর্ণ শেরপুর-শ্রীবরদী-বকশীগঞ্জ সড়কটি আঞ্চলিক মহাসড়কে উন্নীত করা প্রয়োজন। এর জন্য ২৫ কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প তৈরি করে যোগাযোগ মন্ত্রণালয়ে দাখিল করা হয়েছে। প্রকল্পটি বর্তমানে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) অনুমোদনের অপেক্ষায় আছে। এটা অনুমোদন হয়ে এলেই সড়কটির উন্নয়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।