ঝুঁকি নিয়ে চলছে যানবাহন, দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুড়িগ্রাম রৌমারী–রাজিবপুর ​সড়কের বেহাল দশা। ছবিটি ওই সড়কের কর্ত্তিমারী এলাকা থেকে সম্প্রতি তোলা l প্রথম
কুড়িগ্রাম রৌমারী–রাজিবপুর ​সড়কের বেহাল দশা। ছবিটি ওই সড়কের কর্ত্তিমারী এলাকা থেকে সম্প্রতি তোলা l প্রথম

কুড়িগ্রামের রৌমারী-রাজিবপুর সড়কের অধিকাংশ স্থানের পিচ উঠে গেছে। সৃষ্টি হয়েছে ছোট-বড় অসংখ্য গর্তের। যানবাহন চলছে ঝুঁকি নিয়ে। প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এই পথে মানুষেরা প্রতিদিন চরম দুর্ভোগ পোহাচ্ছেন।
কুড়িগ্রাম সড়ক ও জনপথ (সওজ) কার্যালয় সূত্রে জানা গেছে, কুড়িগ্রামের দুটি উপজেলা রৌমারী ও রাজিবপুর ব্রহ্মপুত্র নদ দ্বারা বিচ্ছিন্ন। দুই উপজেলার যোগাযোগের একমাত্র সড়ক রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা থেকে রাজিবপুর উপজেলার শেষ সীমানা পর্যন্ত ২৯ কিলোমিটার দীর্ঘ। রৌমারী স্থলবন্দর চালু হওয়ার পর পাথরবোঝাই বড় বড় ট্রাক প্রতিদিন আসা-যাওয়া করায় সড়কের অবস্থা খারাপ হয়ে গেছে। ১৯৯৮ সালের পর এই সড়কে বড় ধরনের কোনো সংস্কার হয়নি। কয়েক বছরের ব্যবধানে নামমাত্র রক্ষণাবেক্ষণের ছোটখাটো কাজ হয়েছে।
সম্প্রতি রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা, শালুর মোড়, বড়াইকান্দি, ভিটাপাড়া, ঝগড়ারচর, হ্যালিপ্যাড, বিজিবি মোড়, জন্তির কান্দা, মির্জাপাড়া, কাঠালবাড়ী, কোনাচীপাড়া, চাক্তাবাড়ী, কর্ত্তিমারী, সায়দাবাদ, গোলাবাড়ী, বাইমমারী, ধনারচর, কোমরভাঙ্গী, শীবেরডাঙ্গী, রাজিপুরের মরচাকান্দি, চররাজিবপুর, জালচিরা ও বটতলা এলাকায় অসংখ্য খানাখন্দ দেখা গেছে। বেশির ভাগ স্থানে সড়কের পিচ উঠে ইটের খোয়া বের হয়ে গেছে। দুই পাশের মাটি সরে গেছে।
দাঁতভাঙ্গা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক নাজমুল হুদা প্রথম আলোকে বলেন, প্রতিদিন ঝুঁকি নিয়ে সড়কে শতাধিক যাত্রীবাহী, মালামাল ও পাথরবোঝাই যানবাহন চলাচল করছে। সড়কে খানাখন্দ থাকায় প্রায়ই যানবাহন বিকল হয়ে পড়ে থাকে। প্রায় প্রতিদিনই ছোট-বড় দুর্ঘটনা ঘটে।
রৌমারীর ব্যবসায়ীরা দেশের বিভিন্ন জায়গায় ট্রাকে পাথর ও অন্যান্য মালামাল পাঠান। কিন্তু বেহাল এ সড়কে চলতে গিয়ে প্রায়ই ট্রাক বিকল হয়ে পড়ে। এ বিষয়ে ট্রাকচালক হানিফ উদ্দিন বলেন, ‘রৌমারীর নাম শুনলে কোনো ট্রাকচালক আসতে চান না। এখানে এসে বুঝলাম, কেন আসতে চান না। বেশি পয়সা পাওয়ায় আমিও না জেনে এসেছি। রাস্তার অবস্থা এত যে খারাপ আগে বুঝিনি। বুঝতে পারলে আমিও আসতাম না।’
পাথরবোঝাই অন্য একটি ট্রাকের চালক ইছমাইল হোসেন বলেন, তিনি টাঙ্গাইল থেকে পাথর নিতে এসেছেন। একবার এলে আর আসতে ইচ্ছে করে না। মালবোঝাই ট্রাক নষ্ট হলে সড়কে আটকে যায়। এতে মাল নামানো ও যান চলাচলে বিঘ্ন ঘটে। কয়েক দিন রাস্তায় পড়ে থাকতে হয়। এ ছাড়া নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যাওয়ার ঝুঁকি তো আছেই।
রৌমারী উপজেলা আমদানি-রপ্তানিকারক সমিতির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বলেন, প্রতি মাসে সরকার শুধু পাথর আমদানিকারকদের কাছে থেকেই এক থেকে দেড় কোটি টাকা রাজস্ব পাচ্ছে। সড়কের এই করুণ অবস্থার কারণে অনেক ব্যবসায়ী এখানে আসতে চান না।
স্থানীয় সাংসদ রুহুল আমিন বলেন, ‘রাস্তার কারণে মানুষ আমার ওপর ক্ষুব্ধ। যে রাস্তায় হাঁটা যায় না, সে রাস্তায় গাড়ি চলে কেমনে! মন্ত্রী-সচিবের কাছে তদবির করছি। কোনো কাজ হচ্ছে না। জনগণ ভীষণ ক্ষুব্ধ। যেকোনো দিন অবরোধ করতে পারে।’
কুড়িগ্রাম সড়ক ও সেতু বিভাগের নির্বাহী প্রকৌশলী সাদেকুল ইসলাম বলেন, ‘রৌমারী-রাজিবপুর সড়কের রৌমারীর দাঁতভাঙ্গার শালুর মোড় থেকে তেকানী ঝগড়ারচর হয়ে থানা মোড় পর্যন্ত নয় কিলোমিটার কাজ করার জন্য বরাদ্দ পাওয়া গেছে। কাজও শুরু করেছি। বাকি ২০ কিলোমিটারের জন্য একটা প্রস্তাব পাঠানো হয়েছে।’