ঝুঁকি নিয়ে চলাচল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টগরা-সন্ন্যাসী সড়কের বিভিন্ন স্থানে খানাখন্দ সৃষ্টি হয়েছে। ছবিটি গতকাল ইন্দুরকানির বালিপাড়া এলাকা থেকে তোলা l প্রথম আলো
টগরা-সন্ন্যাসী সড়কের বিভিন্ন স্থানে খানাখন্দ সৃষ্টি হয়েছে। ছবিটি গতকাল ইন্দুরকানির বালিপাড়া এলাকা থেকে তোলা l প্রথম আলো

পিরোজপুরের ইন্দুরকানি উপজেলার টগরা-ইন্দুরকানি-বালিপাড়া-কলারোন-সন্ন্যাসী ১৭ কিলোমিটার দৈর্ঘ্যের সড়কটির বেশির ভাগ অংশ বেহাল হয়ে পড়েছে। ঘোষেরহাট থেকে সন্ন্যাসী খেয়াঘাট পর্যন্ত ১১ কিলোমিটার সড়কের বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে গিয়ে খানাখন্দ তৈরি হয়েছে। ভাঙাচোরা সড়ক দিয়ে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। চরম ভোগান্তি পোহাচ্ছেন যাত্রীরা।
সড়ক ও জনপথ (সওজ) বিভাগের পিরোজপুর কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা যায়, দুই দশকে বিভিন্ন সময় সড়কটি সংস্কার করা হয়। সর্বশেষ ২০০৯-১০ অর্থবছরে সড়কের ঘোষেরহাট থেকে সন্ন্যাসী খেয়াঘাট পর্যন্ত ১১ কিলোমিটার সড়ক সংস্কার করা হয়েছিল। দেড় বছর আগে ঘোষেরহাট থেকে সন্ন্যাসী খেয়াঘাট পর্যন্ত ১১ কিলোমিটার সড়ক বেহাল হয়ে পড়ে।
স্থানীয় লোকজন জানান, ইন্দুরকানি উপজেলার তিন ইউনিয়নের ৩৫ গ্রামের লক্ষাধিক মানুষ এবং পার্শ্ববর্তী বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার চণ্ডীপুর, হোগলাবুনিয়া, চর হোগলাবুনিয়া, চিংরাখালী, বেতবুনিয়া ও সন্ন্যাসী গ্রামের মানুষ এ সড়কটি ব্যবহার করেন। সড়কটি দিয়ে ইন্দুরকানি উপজেলার মানুষ জেলা শহর, উপজেলা সদর, স্কুল-কলেজ ও হাসপাতালে যাতায়াত করেন। এ সড়কে বাস, ব্যাটারিচালিত অটোরিকশা ও মোটরসাইকেল চলাচল করে। বর্তমানে সড়কের ফজলুল হক মনি সেতু থেকে ঘোষেরহাট পর্যন্ত ৬ কিলোমিটার সড়কের মধ্যে ৩ কিলোমিটারের সংস্কারকাজ চলছে।
গতকাল মঙ্গলবার দুপুরে সরেজমিনে দেখা গেছে, ১৭ কিলোমিটার সড়কের শেখ ফজলুল হক মনি সেতু থেকে ঘোষেরহাট পর্যন্ত ৬ কিলোমিটার সড়ক কিছুটা ভালো রয়েছে। বাকি ১১ কিলোমিটার সড়কের বিভিন্ন স্থানে পিচ ও খোয়া উঠে গিয়ে অসংখ্য ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। সড়কের বালিপাড়া, বটতলা, ফকিরহাট, চরবলেশ্বর, জমাদ্দার বাজার, চণ্ডীপুর এলাকায় অর্ধশত স্থানে পিচ ও খোয়া উঠে সড়কে বড় গর্ত তৈরি হয়েছে। খানাখন্দের কারণে সড়কটি দিয়ে যানবাহন হেলেদুলে চলাচল করছে। গর্তে গাড়ির চাকা আটকে যাচ্ছে।
বাসচালক শাকিল শেখ বলেন, সড়কের গর্তে গাড়ির চাকা প্রায়ই আটকে যায়। গর্তে গাড়ি আটকে গিয়ে যন্ত্রাংশ ভেঙে যায়। ভাঙাচোরা সড়ক দিয়ে সব সময় ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়।
উপজেলার বালিপাড়া ইউপির চেয়ারম্যান কবির হোসেন বয়াতী বলেন, ‘গুরুত্বপূর্ণ এ সড়কটি দিয়ে ইন্দুরকানি ও পার্শ্ববর্তী মোড়েলগঞ্জ উপজেলার কয়েকটি গ্রামের লক্ষাধিক মানুষ চলাচল করে। সড়কটি বেহাল হয়ে পড়ায় আমাদের দুর্ভোগের শেষ নেই। কৃষক ও ব্যবসায়ীরা পণ্য নিয়ে বাজারে যেতে ভোগান্তির শিকার হচ্ছেন।’
সড়ক ও জনপথ (সওজ) বিভাগের বরিশালের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. ফজলে রাব্বে বলেন, জরুরি রক্ষণাবেক্ষণ প্রকল্পের আওতায় তিন কিলোমিটার সড়ক ৪০ লাখ টাকা ব্যয়ে মেরামত করা হচ্ছে। এ ছাড়া ১৭ কিলোমিটার সড়কটির নকশা তৈরি করে যথাযথ মানসম্মত মেরামতের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। প্রকল্পটি অনুমোদন পেলে সড়কটি সংস্কার করা হবে।