ঝুঁকি নিয়ে চলাচল করছে ১৫ হাজার অবৈধ যান
চট্টগ্রাম-কক্সবাজার-টেকনাফ মহাসড়কে ঝুঁকি নিয়ে চলাচল করছে অবৈধ ১৫ হাজারের বেশি যানবাহন। ফলে যানজটে আটকা পড়ে দূরপাল্লার চেয়ারকোচ যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। বাড়ছে সড়ক দুর্ঘটনায় হতাহতের সংখ্যা। গতকাল সোমবার সকালে শহরতলির লিংকরোড এলাকায় গিয়ে দেখা গেছে, পুলিশের সামনে অসংখ্য জিপ, মাইক্রো, অটোরিকশা ও ব্যাটারিচালিত টমটম যাত্রী বোঝাই করে কক্সবাজার-টেকনাফ ও কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে চলাচল করছে। এসব যানবাহনের কোনোটির সড়কে চলাচলের পারমিট বা লাইসেন্স নেই। গতকাল দুপুরে উখিয়ার কুতুপালং এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী জিপ উল্টে যায়। এতে অন্তত ২৫ যাত্রী আহত হয়। ১০ জন ধারণক্ষমতার খোলা এই জিপটির ভেতরে-বাইরে, ওপরে প্রায় ৩৮ যাত্রী বোঝাই করা হয়েছিল। জিপ গাড়ির চালক আবুল মনছুর (৩৪) জানান, প্রতিদিন তিনি অতিরিক্ত যাত্রী বোঝাই করে এই সড়কে (কক্সবাজার-টেকনাফ) চলাচল করেন। এর জন্য হাইওয়ে পুলিশকে মাসে ৩০০ টাকা করে ঘুষ দিতে হয়।গত শনিবার চকরিয়া পৌরসভার চিরিঙ্গা এলাকা পরিদর্শন করে দেখা গেছে, মহাসড়কের দুই পাশে কয়েক শ জিপ গাড়ি দাঁড়িয়ে আছে। অটোরিকশা, টমটম আছে আরও কয়েক শ। এসব যানবাহনের জন্য দূরপাল্লার যাত্রীবাহী চেয়ারকোচ চলাচল করতে পারছে না। সৌদিয়া পরিবহনের একটি চেয়ারকোচের চালক দিল মোহাম্মদ (৪৫) বলেন, আগে কক্সবাজার থেকে চট্টগ্রাম যেতে সময় লাগত প্রায় তিন ঘণ্টা। আর এখন লাগে চার ঘণ্টার বেশি। মহাসড়কের যত্রতত্র অবৈধ যানবাহন দাঁড়িয়ে থাকায় যানজটের সৃষ্টি হচ্ছে। অনভিজ্ঞ ও অপ্রাপ্তবয়স্ক চালক দিয়ে লক্কড়ঝক্কড় গাড়ি চলাচলের ফলে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। কক্সবাজার সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম বলেন, ধারণক্ষমতার অতিরিক্ত যান চলাচল করায় মহাসড়কের বিভিন্ন অংশ ভেঙে যাচ্ছে। ইতিমধ্যে কয়েকটি সেতু ঝুঁকির মুখে পড়েছে।পুলিশ সুপার মো. আজাদ মিয়া বলেন, কক্সবাজার শহর ও আশপাশের এলাকায় শুধু টমটম গাড়ি চলাচল করছে প্রায় ১২ হাজার, যার মধ্যে ১০ হাজারের কোনো লাইসেন্স নেই। কক্সবাজার ট্রাফিক পুলিশের সার্জন কানু বিশ্বাস বলেন, অভিযান চালিয়ে প্রায় সময় অবৈধ যানবাহন জব্দ করা হয়। কিন্তু লোকবলসংকটের কারণে নিয়মিত অভিযান পরিচালনা করা সম্ভব হচ্ছে না।