
সিরাজগঞ্জ পৌরসভার বাহিরগোলার রেলসেতুর এখন বেহাল দশা। তারপরও সেতুর ওপর দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে প্রায় ৫০ হাজার মানুষ। এ ছাড়া সেতু থেকে রাণীগ্রাম পর্যন্ত সড়কও খানাখন্দে ভরা। ওই সেতু ও সড়কের কারণে স্থানীয় ওই ৫০ হাজার মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছে।
সিরাজগঞ্জ পৌরসভা ও এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, বাহিরগোলা রেলসেতুটি এমনিতেই নড়বড়ে। এর ওপর সেতু থেকে রাণীগ্রাম পর্যন্ত চলাচলের একমাত্র সড়কও (দৈর্ঘ্য প্রায় ৩ কিলোমিটার) খানাখন্দে ভরা। পৌর কর্তৃপক্ষ ১৫ বছর আগে সড়কটি সংস্কার করে। এই সড়ক ও সেতু দিয়ে পৌর শহরের তিনটি ওয়ার্ডের (৬, ৮ ও ৯ নম্বর) ভাঙ্গাবাড়ি, রাণীগ্রাম, গুনারগাতি, কুশাহারা, ভাটপিয়ারী, জানপুর, হার্ডপয়েন্ট, লেবুর মোড়, বটতলাসহ ১০টি মহল্লা এবং খোকসাবাড়ী ও কাওয়াকোলা ইউনিয়নের শিক্ষার্থী, ব্যবসায়ী, শ্রমিকসহ নানা শ্রেণি-পেশার প্রায় ৫০ হাজার লোক প্রতিদিন যাতায়াত করেন।
সড়কের বেশির ভাগ অংশ থেকে কার্পেটিং, পাথর, ইটের খোয়া উঠে গেছে। সড়কের দুই পাশ ভেঙে গেছে। সড়কের অবস্থা এমনই বেহাল যে এখন হেঁটে চলাও কঠিন। সড়ক দিয়ে গুটি কয়েক অটোবাইক, অটোভ্যান চলাচল করলেও মাঝেমধ্যেই দুর্ঘটনা ঘটছে।
সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, রেলসেতু থেকে বটতলা হয়ে রাণীগ্রাম হার্ডপয়েন্ট এলাকা পর্যন্ত সড়কের তিনটি স্থানে চারটি সড়কের সংযোগ রয়েছে। সংযোগস্থলগুলোর দুই পাশে বড় গর্তের সৃষ্টি হয়েছে। বিটুমিন, পাথর উঠে গেছে। এ ছাড়া রেলের পাটাতনের ওপর কাঠ স্থাপন করা হলেও তা উঠে গেছে। পিলারগুলো ভেঙে পড়েছে। বহু দিনের পুরোনো লোহার পিলারে মরিচা ধরে ক্ষয়ে গেছে।
রাণীগ্রামের বাসিন্দা অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আবদুর রহমান বলেন, ‘আমরা পৌরশহরে বাস করি, সব ধরনের ট্যাক্সসহ বিভিন্ন ধরনের কর পরিশোধ করছি। অথচ প্রায় ১০ বছর ধরে এ সড়কটির অবস্থা বেহাল হলেও পৌর কর্তৃপক্ষের নজরে আসেনি। এই সড়ক দিয়ে অর্ধলক্ষ মানুষ যাতায়াত করে থাকে। তাদের সবাই জীবনের ঝুঁকি নিয়ে রেলসেতুর ওপর দিয়ে চলাচল করছে। রেল বিভাগ বা পৌরসভার কেউই তা দেখছে না।’
একই গ্রামের বাসিন্দা ব্যবসায়ী শহিদুল ইসলাম বলেন, সেতু ও সড়কের কারণে তাঁদের ভোগান্তি পোহাতে হচ্ছে। বিশেষ করে প্রসূতি রোগীদের হাসপাতালে নিতে হলে যানবাহনে তোলা যায় না। মাচা বা চাঙারিতে করে নিতে হচ্ছে। সড়কের কারণে ছেলেমেয়েরাও স্কুলে যেতে চায় না।
পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কমিশনার এম এ শাহাদত হোসেন বলেন, এই সড়কটি তিনটি ওয়ার্ডের একমাত্র চলাচলের রাস্তা। গত বছর দরপত্র আহ্বান করা হলেও অর্থ বরাদ্দ না হওয়ায় সে সময় কাজ হয়নি। বিষয়টি পৌরসভার দৃষ্টিতে আছে।
পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. শাহজাহান আলী বলেন, পৌরসভার এই সড়কসহ বিভিন্ন ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কারে বাংলাদেশ মিউনিসিপ্যাল ডেভলপমেন্ট ফান্ডের (বিএমডিএফ) আওতায় ৪২ কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প তৈরি করা হয়েছে। স্থানীয় সাংসদের আওতাধীন বিশেষ এ প্রকল্পটি অনুমোদন হয়ে এলেই দরপত্র আহ্বান করা হবে।
পৌর মেয়র সৈয়দ আবদুর রউফ বলেন, রেলসেতুটি মেরামত করতে গেলেই রেল কর্তৃপক্ষ তাদের সম্পদ বলে বাধা দেয়। আবার তারা সংস্কারও করে না। এবার তাদের বাধা উপেক্ষা করে জনগণের স্বার্থে সেতুটি সংস্কারে পৌরসভার পক্ষ থেকে একটি দরপত্র আহ্বান করার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। রাস্তাগুলো সংস্কারের বিষয়টি স্থানীয় সাংসদের মাধ্যমে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বিশেষ বরাদ্দের তালিকায় অর্ন্তভুক্ত করা হয়েছে। শিগগিরই দরপত্র আহ্বান করা হবে।