
বরিশালের সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের ছাত্রাবাসের অধিকাংশ দরজা-জানালা ভাঙা, ছাদ দিয়ে পানি পড়ে, পলেস্তারা খসে পড়ছে। সাত হাজার শিক্ষার্থীর এ কলেজের একমাত্র জরাজীর্ণ ওই ছাত্রাবাসে (শহীদ আলমগীর ছাত্রাবাস) ঝুঁকি নিয়ে বসবাস করছেন শিক্ষার্থীরা।
ছাত্রাবাসে গিয়ে শিক্ষার্থীদের দুর্ভোগের চিত্র দেখা গেছে। ছাত্রাবাসের একটি ভবন দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় রয়েছে। চারতলা একটি ও একতলা অন্য একটি ভবনে ১০০ শিক্ষার্থী বসবাস করছেন। চারতলা ভবনের চারতলার ছাদ চুইয়ে পানি পড়ছে। ছাত্রাবাসের ২০৩ নম্বর কক্ষের বিম ভেঙে বড় ফাটলের সৃষ্টি হয়েছে। ২০২, ২০৭, ৪০৭, ৪০৮সহ বেশ কিছু কক্ষের পলেস্তারা খসে পড়ে রড বের হয়ে গেছে।
অন্যদিকে একতলা ভবনের ছাদ দিয়ে পানি পড়তে দেখা গেছে। মোটর নষ্ট থাকায় শৌচাগারে পানি নেই। শিক্ষার্থীরা পাশের পুকুরের নোংরা পানি গোসল ও শৌচাগারের কাজে ব্যবহার করছেন। ওই ভবনে যাওয়ার সড়কটিও কাদাপানিতে একাকার হয়ে রয়েছে।
ছাত্রাবাসে থাকা কলেজের অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. রুবেল বলেন, ছাত্রাবাসের ছাদ দিয়ে পানি পড়ে। দরজা-জানালা ভাঙা, কক্ষের পাশের জানালার গ্লাস সব ভাঙা থাকায় বৃষ্টির পানি কক্ষে ঢুকে পড়ে। বিকল্প ব্যবস্থা না থাকায় এর মধ্যেই থাকতে হচ্ছে।
শিক্ষার্থী মিরাজ হোসেন অভিযোগ করেন, ভাঙাচোরা ভবনে ঝুঁকির মধ্যে থাকলেও কলেজ কর্তৃপক্ষ কোনো খোঁজ নেয় না। কয়েক দিন আগেও হঠাৎ পলেস্তারা খসে পড়েছে। অল্পের জন্য রক্ষা পেয়েছেন কয়েকজন শিক্ষার্থী।
একতলা ভবনে থাকা শিক্ষার্থী মো. মেহেদী হাসান জানান, বৃষ্টি পড়লে আর কক্ষে থাকা যায় না। বর্তমানে পানি তোলার মোটরটি নষ্ট থাকায় পাশের ডোবায় গোসল করতে হয়। ওই ডোবা থেকে পানি নিতে হয় শৌচাগারে। তা ছাড়া ওই ভবনে যেতে সড়কটি সংস্কার না করায় কাদাপানি পেরিয়ে যেতে হয়।
ছাত্রাবাসের তত্ত্বাবধায়ক মো. শফিকুর রহমান বলেন, ‘কলেজে অনেক ছাত্র, কিন্তু ছাত্রাবাস-সংকট রয়েছে। তবে মোটর নষ্ট ও পানির সমস্যার বিষয়টি জানা নেই। জরুরি ভিত্তিতে ভবন সংস্কার এবং নতুন ভবন নির্মাণ করা দরকার। তবে ছাত্রদের খোঁজখবর নেওয়া হয় না, এ কথাটি সঠিক নয়।’
অধ্যক্ষ স ম ইমারুল হাকিম জানান, হাতেম আলী কলেজে জায়গা আছে। কিন্তু ছাত্রাবাস না থাকায় সমস্যা হচ্ছে। মাত্র কয়েক দিন আগে যোগ দেওয়ায় ছাত্রদের সমস্যার বিষয়টি তিনি জানেন না। ছাত্রাবাস পরিদর্শন করে দ্রুত পদক্ষেপ নেবেন।