কক্সবাজারের সেন্ট মার্টিনে আটকে পড়া পর্যটকদের মধ্যে ৩০ জন গতকাল মঙ্গলবার ঝুঁকি নিয়ে মাছ ধরার নৌকায় করে টেকনাফ ফিরে এসেছেন। বাকি ২৬৪ জন পর্যটক সেন্ট মার্টিন দ্বীপের বিভিন্ন হোটেলে অবস্থান করছেন।
নিম্নচাপের প্রভাবে বঙ্গোপসাগর প্রচণ্ড উত্তাল হয়ে পড়ায় তিন দিন ধরে টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রয়েছে।
সেন্ট মার্টিনে আটকে পড়া নারায়ণগঞ্জের আড়াইহাজারের বাসিন্দা মো. নাজমুল, আমান উল্লাহ, মো. মুজিব ও মঈন আহমদ গতকাল বেলা একটার দিকে একটি মাছ ধরার ট্রলারে করে সেন্ট মার্টিন থেকে টেকনাফের উদ্দেশে রওনা দেন। তাঁদের সঙ্গে ছিলেন আরও ২৬ জন। উত্তাল সাগর পাড়ি দিয়ে ট্রলারটি বিকেল পাঁচটার দিকে টেকনাফ পৌঁছায়।
মো. নাজমুল ও মঈন আহমদ বলেন, সেন্ট মার্টিনে অবস্থান করার মতো টাকা ছিল না। তা ছাড়া, চাকরিতেও সমস্যা হচ্ছিল। তাই জীবনের ঝুঁকি নিয়ে তাঁরা সমুদ্র পাড়ি দিয়েছেন।