ভবনের শরীরজুড়ে জন্মেছে পরগাছা। ডালপালায় ঢেকে গেছে বাইরের দেয়াল। রং উঠে গিয়ে বিবর্ণ পুরো ভবন। দেখে মনে হবে এটি যেন পরিত্যক্ত কোনো স্থাপনা।
চট্টগ্রাম সিটি করপোরেশনের মালিকানাধীন সেবক কলোনির তিন ভবনের চিত্র এ রকমই। পাকিস্তান আমলে নির্মিত ভবনগুলোতে জীবনের ঝুঁকি নিয়ে বসবাস করছেন চট্টগ্রাম নগরের পরিষ্কার-পরিচ্ছন্ন কার্যক্রমে নিয়োজিত সেবকেরা। নগরের জামালখান ওয়ার্ডের ঝাউতলা এলাকায় অবস্থিত সেবক কলোনিতে বসবাস করছে ১০০ পরিবার।
গতকাল শনিবার সরেজমিনে দেখা যায়, ভবনের বারান্দা ও ঘরগুলোর ছাদের পলেস্তারা খসে পড়েছে অনেক আগে। বের হয়ে গেছে লোহার রডগুলো।
এ রকম একটি ঘরে দুই ছেলে, ছেলের বউ ও তাঁদের পাঁচ সন্তান নিয়ে থাকেন ইন্দ্রানী। প্রথম আলোকে তিনি বলেন, ‘ছোট্ট একটি ঘরে এত জন মানুষ থাকি। তার পরও শান্তিতে থাকতে পারি না। ওপরে কেউ হাঁটলে পুরো ঘর কেঁপে ওঠে। পলেস্তারা খসে পড়ে। ভয়ে সারা রাত ঘুম হয় না। বসে থাকি। কখন কী হয়, জানি না।’
ইন্দ্রানীর মতো অবস্থা কলোনির ৭০০ বাসিন্দার। তাঁদের অভিযোগ, বাসা ছাড়ার নোটিশ দিয়ে দায় সারছে সিটি করপোরেশন। তাঁদের পুনর্বাসনের কোনো উদ্যোগ নেই সংস্থাটির।
কলোনির বাসিন্দা নাদিম দাস বলেন, ‘নগর পরিচ্ছন্ন রাখতে এত কষ্ট করি। অথচ আমরাই বসবাস করছি সবচেয়ে ঝুঁকি নিয়ে। কখন কীভাবে মৃত্যু হয় বলতে পারছি না।’
দেখা যায়, তিনটি ভবনের সিঁড়িগুলো খুব সরু। পর্যাপ্ত আলোর অভাবে প্রায় অন্ধকার। বৃষ্টির পানি জমে স্যাঁতসেঁতে হয়ে গেছে সিঁড়িগুলো। সিঁড়িতে সিমেন্টের আস্তর নেই। অনেক কক্ষের দরজা-জানালা ভেঙে গেছে।
সেবক কলোনির সভাপতি বাদল চন্দ্র দাস প্রথম আলোকে বলেন, ‘১৫ বছর ধরে ভবনগুলো ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে আছে। সংস্কার ও আমাদের পুনর্বাসনের জন্য করপোরেশনের কর্তাবাবুদের কাছে অনেক আবেদন-নিবেদন করেছি। কিন্তু তাঁদের কোনো সাড়াশব্দ পাইনি।’
করপোরেশন সূত্রে জানা গেছে, সেবক কলোনির বাসিন্দারা পুনর্বাসনের জন্য গত ১ জুলাই করপোরেশনের মেয়রকে চিঠি দেন। ৬ আগস্ট করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আলী আহমেদ কলোনির ভবনগুলো পরিদর্শন করেন। এরপর ১৩ আগস্ট কলোনির ২ নম্বর ভবনটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে ভবনের ১৬ পরিবারকে বাসার দখল ছেড়ে দিয়ে করপোরেশনের সম্পত্তি বিভাগকে বুঝিয়ে দেওয়ার জন্য নোটিশ দেওয়া হয়। একই নোটিশে বলা হয়েছে, কোনো প্রাকৃতিক বিপর্যয় বা জানমালের ক্ষতি হলে কর্তৃপক্ষ কোনো দায়দায়িত্ব গ্রহণ করবে না।
বাবুল চন্দ্র দাস বলেন, ‘বাইরে বাসা ভাড়া নিয়ে থাকার সামর্থ্য আমাদের নেই। আবার কেউ বাসা ভাড়া দেবেও না। কলোনির খালি জায়গায় ভবন নির্মাণ করে দিলে ঝুঁকিপূর্ণ বাসা ছেড়ে আমরা ওখানে চলে যাব।’
সিটি করপোরেশনের সচিব রশিদ আহমদ প্রথম আলোকে বলেছেন, ‘পাশের খালি জায়গায় ঝুঁকিপূর্ণ ভবনের বাসিন্দাদের পুনর্বাসন করার চিন্তাভাবনা রয়েছে। তবে কবে নাগাদ এই ভবনের নির্মাণকাজ শুরু হবে বলতে পারছি না।’