ঝুঁকি নিয়ে নদ পারাপার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উল্লরাপাড়ার সড়াতৈল গ্রামের ফুলঝোর শাখা নদের ওপর সাঁকো দিয়ে এ রকম ঝুঁকি নিয়েই চলাচল করতে হয় শিশুসহ সবাইকে  l ছবি: প্রথম আলো
উল্লরাপাড়ার সড়াতৈল গ্রামের ফুলঝোর শাখা নদের ওপর সাঁকো দিয়ে এ রকম ঝুঁকি নিয়েই চলাচল করতে হয় শিশুসহ সবাইকে l ছবি: প্রথম আলো

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বড়হর ইউনিয়নের সড়াতৈল-অলিপুর আঞ্চলিক সড়কে সড়াতৈল গ্রামের মধ্য দিয়ে বয়ে গেছে ফুলজোড় নদের শাখা। এই শাখানদের ওপরকার বাঁশের সাঁকো দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করতে হয় এলাকাবাসীকে। অথচ এখানে একটি সেতুর দাবি দীর্ঘদিনের।
গ্রামবাসী সূত্রে জানা গেছে, প্রতিবছর এই শাখানদে জুন থেকে ডিসেম্বর পর্যন্ত পানি থাকে। প্রতিবছরই গ্রামবাসী স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে বাঁশের সাঁকো বানিয়ে নেন। সেই সাঁকো দিয়েই প্রতিদিন পশ্চিম পাশের সড়াতৈল উচ্চবিদ্যালয়, সড়াতৈল প্রাথমিক বিদ্যালয়, সড়াতৈল দাখিল মাদ্রাসা ও কেজি স্কুলের প্রায় দুই হাজার শিক্ষার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত করে। একই সঙ্গে পার্শ্ববর্তী অলিপুর, আমডাঙ্গা, বাহাদল্লাপুর, বাগদা, বড়হর, পাঁচিলা, রশিদপুরসহ অন্তত ২০ গ্রামের হাজার হাজার মানুষ এই সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে নদ পার হয়ে সড়াতৈল বাজার ও উল্লাপাড়া উপজেলা সদরে যাতায়াত করেন।
সড়াতৈল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মান্নান তালুকদার বলেন, শিক্ষার্থীসহ এলাকাবাসীর কথা বিবেচনা করে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও জনপ্রতিনিধিদের পক্ষ থেকে একাধিকবার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ও উল্লাপাড়া উপজেলা পরিষদে আবেদন করা হয়। অথচ স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত এই দাবি আলোর মুখ দেখেনি।
বড়হর ইউনিয়নের চেয়ারম্যান জহুরুল ইসলাম চৌধুরী বলেন, একটি সেতু নির্মাণের জন্য দুই দফায় নকশা ও প্রাক্কলন তৈরি করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর উল্লাপাড়া কার্যালয়ে এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ে পাঠানো হয়। কিন্তু সেতু নির্মাণের কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি।
উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম বলেন, সেতু নির্মাণের জন্য নকশা ও
প্রাক্কলন চূড়ান্ত অনুমোদনের জন্য ঢাকায় প্রধান কার্যালয়ে পাঠানো হয়েছে। এটি অনুমোদন এবং অর্থ বরাদ্দ পেলে সেতু নির্মাণের কাজ শুরু হবে।