ঝুঁকি নিয়ে নৌযান চলাচল
বাঁকখালী নদীর কয়েকটি স্থান ভরাট ও অসংখ্য ডুবোচর জেগে ওঠায় স্পিডবোটসহ অন্যান্য নৌযান চলাচলে মারাত্মক সমস্যা হচ্ছে। এ পরিস্থিতিতে কক্সবাজার পৌরসভার কস্তুরাঘাট থেকে ঝুঁকি নিয়ে মহেশখালী যাতায়াত করছে যাত্রীরা। গত রোববার শহরের কস্তুরাঘাট, ৬ নম্বর জেটি, ফিশারিঘাট এবং সমুদ্র চ্যানেলের নাজিরাটেক ঘুরে ১৫টির বেশি ডুবোচর দেখা যায়।সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, গভীর সাগর থেকে মাছ ধরে উপকূলে ফিরে আসা ট্রলার চরে আটকা পড়ছে। লঞ্চ ও স্পিডবোটের যাত্রীদের চরম ঝুঁকি নিয়ে প্রায় ১৬ কিলোমিটারের নদী ও সমুদ্রপথ পারাপার করতে হচ্ছে। জোয়ারের সময় পানি বৃদ্ধি পেলে ডুবোচরগুলো হারিয়ে যায়। ভাটার সময় পানি কমে গেলে ঝুঁকি নিয়ে নৌযান চলাচল করতে হয়। মহেশখালীর গোরকঘাটার ব্যবসায়ী অরুণ শীল বলেন, ‘গত ২০ বছর এই নৌপথে যাতায়াত করছি। কিন্তু এত ঝুঁকি নিয়ে আগে চলাচল করতে হয়নি। রোববার সকালে স্পিডবোট নিয়ে আসার সময় কয়েকটি ডুবোচরে আটকে থাকতে হয়েছে।’ কুতুবজোমের লবণচাষি সালামত উল্লাহ বলেন, কয়েক দিন ধরে সাগর প্রচণ্ড রকম উত্তাল রয়েছে। কিন্তু তার পরও ঝুঁকি নিয়ে যাত্রী পারাপার বন্ধ হচ্ছে না। বেশির ভাগ স্পিডবোট ও লঞ্চে লাইফ জ্যাকেট বা বয়া রাখা হয় না। স্পিডবোটচালক করিম উল্লাহ বলেন, নদী ও সমুদ্র চ্যানেলে অসংখ্য ডুবোচর জেগে ওঠায় ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়। অনেক সময় ডুবোচরে স্পিডবোট আটকে দুর্ঘটনায় পড়তে হচ্ছে। কক্সবাজার ফিশিং বোট মালিক সমিতির সভাপতি মুজিবুর রহমান বলেন, জেলার প্রায় সাত হাজার মাছ ধরার ট্রলার দুর্যোগের সময় এই নদীতে নিরাপদ আশ্রয় নেয়। গভীর সাগর থেকে ধরে আনা মাছ বিক্রির প্রধান বাজারও এই নদীর তীরে গড়ে উঠেছে। অথচ ভরাটের কারণে এসব ট্রলার বাঁকখালী নদীতে ঢুকতে পারছে না। তিনি বলেন, গত ৩০ বছরে একবারও এই নদীর তলদেশ খনন করা হয়নি। মহেশখালী পৌরসভার মেয়র মকসুদ মিয়া বলেন, এই নৌপথ দিয়ে কক্সবাজার থেকে মহেশখালী, বাঁশখালী, চকরিয়া, মগনামা, পেকুয়া, কুতুবদিয়া, বদরখালী, উজানটিয়াসহ অন্যান্য এলাকায় প্রতিদিন লাখো মানুষ যাতায়াত করে এবং পণ্য পরিবহন করা হয়। কিন্তু নদী বা চ্যানেলটি খনন করে নৌপথটি নিরাপদ করার উদ্যোগ কেউ নিচ্ছেন না।