ঝুঁকি নিয়ে পরিত্যক্ত ভবনে অফিস
ভবনের দেয়াল ও ছাদ ধসে যেকোনো সময় প্রাণহানির আশঙ্কা সত্ত্বেও জীবনের ঝুঁকি নিয়ে দাপ্তরিক কাজ করছেন চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। চার মাস আগে ওই ভবনটি মন্ত্রণালয় পরিত্যক্ত ঘোষণা করে। এর পরও সেখানে এখনো দাপ্তরিক কাজ চলছে।সরেজমিনে দেখা যায়, ভবনের ছয়টি কক্ষেরই বেহাল অবস্থা। এগুলোর দেয়াল ও ছাদের পলেস্তারা উঠে গিয়ে সুরকি, বালি ও সিমেন্ট খসে পড়ছে। ছাদ ও দেয়ালের বিভিন্ন অংশে বিপজ্জনক একাধিক ফাটল দেখা দিয়েছে। ভেটেরিনারি সার্জনের (ভিএস) কক্ষ, কম্পাউন্ডারের কক্ষ, কৃত্রিম প্রজননকেন্দ্রের কক্ষ, গরু-ছাগল রাখার কক্ষ এবং অফিসকক্ষের অবস্থা খুবই শোচনীয়। এসব কক্ষের ছাদ আংশিক ভেঙে গেছে। ভবনের সব কটি দরজা-জানালাও ভাঙা।ওই কার্যালয়ের কর্মচারী মো. ইদ্রিস বলেন, ‘প্রতিদিনই ছাদ ভাইঙ্গা কংকর, বালি-সিমেন্ট খইসা পড়ছে। বৃষ্টি অইলে ছাদ চুইয়া শইল্যে পানি পড়ে। মাথার ওপর ছাতা রাইখা তহন কাজ করি। তুফান আইলে অফিসের বারান্দায় গিয়া আশ্রয় নিই।’উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. কায়সার জামিল জানান, ১৯৬৪ সালে ভবনটি নির্মিত হওয়ার পর আজ অবধি সংস্কার হয়নি। ভবনের অবস্থা এখন খুবই খারাপ। বিষয়টি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়কে লিখিতভাবে জানানো হলে চার মাস আগে মন্ত্রণালয় নোটিশের মাধ্যমে ভবনটি পরিত্যক্ত ঘোষণা করে এবং ভাঙার নির্দেশ দেয়।জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. সাহাবউদ্দিন জানান, চাঁদপুর গণপূর্ত বিভাগের কাছে এক মাস আগে ভবন ভাঙার খরচের হিসাব চাওয়া হলেও তারা তা দিতে দেরি করছে। এ জন্য এটি ভাঙা যাচ্ছে না।