ঝুঁকি নিয়ে পাঠদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাদের পলেস্তারা খসে পড়ছে। দেয়ালে ফাটল। বৃষ্টি হলে ছাদ চুইয়ে পানি পড়ে। এটি একটি বিদ্যালয়ের ভবন। এমন জীর্ণশীর্ণ ভবনেই জীবনের ঝুঁকি নিয়ে ক্লাস করেন শিক্ষক ও শিক্ষার্থীরা। বিদ্যালয়টি নড়াইলের লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নে। এর নাম পালপাড়া রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়।সরেজমিনে দেখা গেছে, এ বিদ্যালয়ে একটি মাত্র একতলা ভবন আছে। এর চারটি কক্ষের মধ্যে তিনটি শ্রেণীকক্ষ, অন্যটি কার্যালয় হিসেবে ব্যবহার করা হয়। প্রতিটি কক্ষের ছাদের পলেস্তারা খসে পড়ছে। ছাদের ভিম, বারান্দার পিলার ও দেয়ালে ফাটল ধরেছে। এখানে মাত্র ২৬ জোড়া বেঞ্চ আছে। এর অধিকাংশই ব্যবহারের অনুপযোগী। শিক্ষার্থীর তুলনায় বেঞ্চ কম থাকায় গাদাগাদি করে ও মেঝেতে বসে ক্লাস করে শিক্ষার্থীরা। এ বিদ্যালয়ের শৌচাগার দুটিও ব্যবহারের অনুপযোগী। বিদ্যালয়ের কার্যালয় সূত্রে জানা গেছে, ১৯৫৫ সালে ৩৩ শতাংশ জমির ওপর এ বিদ্যালয়টি স্থাপিত হয়। ১৯৯৩-৯৪ সালে চার কক্ষের একতলা ভবনটি নির্মাণ করা হয়। বিদ্যালয়ে ১৪৮ জন শিক্ষার্থী আছে। শিক্ষক আছেন তিনজন। সহকারী শিক্ষক রহিমা খানম ও শামসুন্নাহার জানান, প্রায়ই ক্লাস চলাকালে ছাদের পলেস্তারা খসে পড়ে। বৃষ্টি হলে ছাদ চুইয়ে পানি পড়ে। এখন ছাদের ভিমে ফাটল ধরায় সবাই আতঙ্কে আছে। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী রাজীব পাল, প্রিয়া বিশ্বাস ও শান্তনা বিশ্বাস জানায়, ক্লাসে বই ও স্যারের দিকের চেয়েও নজর বেশি থাকে ছাদের দিকে। ছাদের বালু পড়ে বই, খাতা, জামা ও কাপড় নষ্ট হয়। তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী মিতা খানম বলে, ‘ভয় করে কন্যে (কখন) যেন মাথার ওপর বিল্ডিং ভাঙ্গে পড়ে।’ অভিভাবক কাজল কীর্তনিয়া ও সুজিৎ কুমার রায় জানান, এ অবস্থায় ছেলেমেয়েদের স্কুলে দিয়ে আতঙ্কে থাকতে হয়। প্রধান শিক্ষক মো. আনোয়ারুজ্জামান জানান, বিদ্যালয়ের ভবনের অবস্থা খুব খারাপ। এ অবস্থায় ক্লাস নেওয়া বিপজ্জনক। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ১৯৮৮ সালের বন্যার পর এনজিও কারিতাস স্কুল চত্বরে একটি টিনশেড আশ্রয়ণ কেন্দ্র করে। সেটিও এখন ব্যবহারের অনুপযোগী।উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. লুৎফর রহমান বলেন, বিদ্যালয়ের বিষয়টি শিক্ষা কমিটিতে কয়েকবার আলোচনা হয়েছে। বিষয়টি শিক্ষা কমিটির রেজুলেশনসহ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে জানানো হয়েছে। কিন্তু কোনো কাজ হচ্ছে না।