পিরোজপুরের নাজিরপুর উপজেলার মাটিভাংগা ইউনিয়ন ও বাগেরহাটের চিতলমারী উপজেলার চরবানিয়ারি ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত বলেশ্বর নদ।
নদের ওপর নির্মিত বাঁশের সাঁকো দিয়ে দুই পারের চারটি গ্রামের প্রায় ২৫ হাজার মানুষকে ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে।
গ্রামগুলো হলো: নদের পূর্ব দিকে মাটিভাংগা ইউনিয়নের বরইবুনিয়া, চরবরইবুনিয়া ও চরমাটিভাংগা গ্রাম। আর নদের পশ্চিম পারের চরবানিয়ারি ইউনিয়নের চরডাকাতিয়া গ্রাম। এই চার গ্রামের ২৫ হাজার মানুষ নদী পার হচ্ছে বাঁশের তৈরি ঝুঁকিপূর্ণ একটি সাঁকো দিয়ে। বিশেষ করে বিদ্যালয়গামী শিক্ষার্থী ও বৃদ্ধদের সাঁকো পারাপারে সমস্যায় পড়তে হচ্ছে বেশি।
বরইবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী স্বর্ণা আক্তার বলে, ‘প্রতিদিন ঝুঁকি নিয়ে আমাদের সাঁকো পার হয়ে বিদ্যালয়ে যেতে হয়। সাঁকো পার হতে গিয়ে মাঝেমধ্যে শিশু শিক্ষার্থীরা নদে পড়ে যাওয়ার ঘটনাও ঘটে।’
স্থানীয় সূত্রে জানা গেছে, ২১ বছর আগে বলেশ্বর নদ পারাপারের জন্য গ্রামবাসীর সহযোগিতায় মহর আলী নামের এক ব্যক্তি নদের ওপর ৩০০ ফুট দৈর্ঘ্যের বাঁশের সাঁকো তৈরি করেন। প্রতিবছর গ্রামবাসী তাঁদের সাধ্যমতো ধান মহর আলীর কাছে তুলে দেন। ওই ধান বিক্রির টাকায় সাঁকো সংস্কার করেন তিনি।
গতকাল শনিবার সরেজমিনে দেখা গেছে, নদের দুই পারের মানুষ সাঁকো পারাপার হচ্ছে। সাঁকোর দুই পাশে বাঁশের ধরনি উঁচু হওয়ায় শিশুরা ধরনি না ধরে ঝুঁকি নিয়ে পার হচ্ছে। এ সময় স্থানীয় লোকজন সাঁকোর স্থানে পাকা সেতু নির্মাণের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
বরইবুনিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মলয় মালাকার বলেন, বরইবুনিয়া গ্রামে দুটি মাধ্যমিক ও একটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। পার্শ্ববর্তী চরডাকাতিয়া গ্রামের দুই শতাধিক শিক্ষার্থী প্রতিদিন নদের ওপর তৈরি বাঁশের সাঁকো পার হয়ে বিদ্যালয়ে যাওয়া-আসা করে।
তিনি বলেন, এ ছাড়া বরইবুনিয়া, চরবরইবুনিয়া, চরমাটিভাংগা ও চরডাকাতিয়া গ্রামের প্রায় ২৫ হাজার মানুষ এই সাঁকো দিয়ে চলাচল করে।
নাজিরপুরের মাটিভাংগা ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মহর আলী শেখ বলেন, ‘মাটিভাংগা ইউনিয়ন ও আশপাশের আরও দু-তিন গ্রামের ২৫ হাজার মানুষ এই সাঁকোটি ব্যবহার করে। আমাদের গ্রামের অনেক ব্যক্তির আবাদি জমি রয়েছে চিতলমারী উপজেলায়। আবার চিতলমারীর চরবানিয়ারি ইউনিয়নের মানুষ ছেলেমেয়েদের লেখাপড়া এবং ব্যবসার জন্য মাটিভাংগা ও বরইবুনিয়া গ্রামের ওপর নির্ভরশীল। প্রতিদিন ঝুঁকিপূর্ণ সাঁকোটি পার হতে গিয়ে চরম দুর্ভোগে পড়ছে বৃদ্ধ ও শিক্ষার্থীরা। আমরা এখানে একটি পাকা সেতু নির্মাণের দাবি জানাচ্ছি।’
মাটিভাংগা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এ বি এম ফয়সাল আলম বলেন, ‘স্থানীয় মানুষের চলাচলের স্বার্থে সাঁকোটির স্থলে একটি পাকা সেতু নির্মাণের জন্য আমরা দাবি জানিয়ে আসছি। তবে এখনো কোনো ফল পাইনি।’
নাজিরপুর উপজেলা প্রকৌশলী মো. জাকির হোসেন বলেন, অর্থ বরাদ্দ পেলে সাঁকোটির স্থলে পাকা সেতু নির্মাণ করা সম্ভব।
উপজেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম খান বলেন, বলেশ্বর নদের ওপর বরইবুনিয়া গ্রামের সাঁকোটি দিয়ে প্রতিদিন শত শত মানুষ পার হচ্ছে। এলাকাবাসীর দুর্ভোগের কথা চিন্তা করে জনস্বার্থে সাঁকোটির স্থানে একটি সেতু নির্মাণ করা প্রয়োজন।