সন্দ্বীপ-হাতিয়া নৌপথে মাত্র দুটি জাহাজে করে ঝুঁকি নিয়ে চলছেন ঈদে ঘরমুখী মানুষ। একটি জাহাজে ৩০০ যাত্রীর পরিবহনক্ষমতা থাকলেও চলাচল করছেন এর দ্বিগুণেরও বেশি। জাহাজসংকটের কারণে ঈদ উপলক্ষে কোনো বিশেষ যাত্রীসেবার ব্যবস্থা করতে পারেনি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)।গতকাল বুধবার সকালে নগরের সদরঘাট টার্মিনালে গিয়ে দেখা যায়, জাহাজে তিল ধারণের জায়গা নেই। অনেকেই দাঁড়ানোর (স্ট্যান্ডিং) টিকিট কিনেও গন্তব্যে ছুটে যাচ্ছেন। মফিজুল হক নামের এক যাত্রী বলেন, ‘বাধ্য হয়েই স্ট্যান্ডিং টিকিট কিনেছি। কারণ, জাহাজ তো কম। এভাবে না গেলে ঈদের সময় বাড়ি যাওয়াও সম্ভব হবে না।’সূত্র জানায়, কিছুদিন ধরে সন্দ্বীপ-হাতিয়া নৌপথে বিআইডব্লিউটিসির একটি জাহাজ দিয়েই যাত্রী পরিবহন চলছিল। যান্ত্রিক ত্রুটির কারণে অচল হয়ে পড়া জাহাজ এমভি মনিরুল হক প্রায় ২১ দিন পর সোমবার চলাচলের উপযোগী করা হয়। এত দিন জাহাজটি বিদেশ থেকে যন্ত্রাংশ আসার অপেক্ষায় সদরঘাট টার্মিনালে পড়ে ছিল বলে জানা যায়।বিআইডব্লিউটিসি সূত্র জানায়, সন্দ্বীপ, হাতিয়া ও বরিশাল নৌপথে চলাচলের জন্য চারটি জাহাজ রয়েছে। এগুলো হলো: এমভি আলাউদ্দিন, এমভি বারআউলিয়া, এমভি আবদুল মতিন ও এমভি মনিরুল হক। এর মধ্যে এমভি আলাউদ্দিন নষ্ট হয় ২০০৯ সালে। এটি মেরামতের জন্য রয়েছে নারায়ণগঞ্জ ডকইয়ার্ডে। এমভি বারআউলিয়া ২০১১ সালের ২২ জুন থেকে নষ্ট হয়ে পড়ে আছে চট্টগ্রাম ডকে। সর্বশেষ এ বছর ২৪ জুলাই যান্ত্রিক ত্রুটির কারণে নষ্ট হয়ে পড়ে এমভি মনিরুল হক। সচল থাকে কেবল এমভি আবদুল মতিন।সূত্র জানায়, বর্তমানে সন্দ্বীপ-হাতিয়া নৌপথে শনি, সোম, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবারসহ সপ্তাহে পাঁচ দিন জাহাজ চলাচল করছে। এর মধ্যে সকাল নয়টায় চট্টগ্রামের সদরঘাট টার্মিনাল থেকে একটি ছেড়ে যায় এবং অপরটি একই সময় সন্দ্বীপ থেকে ছেড়ে আসে।প্রসঙ্গত, চট্টগ্রাম থেকে সন্দ্বীপ-হাতিয়া নৌপথে নিয়মিত যাত্রী চলাচল করেন ৭০০ জনের মতো। ঈদের সময় তা বেড়ে দেড়-দুই হাজারে গিয়ে দাঁড়ায়। কিন্তু এমভি মনিরুল হক ও এমভি আবদুল মতিনের যাত্রী ধারণক্ষমতা ৩০০ করে ৬০০ জন।