ঝুঁকি নিয়ে প্লাস্টিক কারখানায় কাজ করছেন শ্রমিকেরা

খেলনা থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় জিনিস সবই তৈরি হয়। এমন কোনো প্লাস্টিক পণ্য নেই, যা পাওয়া যাবে না। লালবাগের ইসলামবাগে আছে অসংখ্য প্লাস্টিক পণ্যের কারখানা। ঘিঞ্জি পরিবেশের এ কারখানাগুলোয় বিভিন্ন ঝুঁকি নিয়ে কাজ করছেন শ্রমিকেরা।
ইসলামবাগের ঈদগাহ মাঠের আশপাশে এই প্লাস্টিকের কারখানাগুলোর অবস্থান। গত সপ্তাহে সেই এলাকায় ঢুকতেই প্লাস্টিকের প্রকট গন্ধ এসে নাকে লাগে। ছোট কারখানাগুলো অন্ধকারাচ্ছন্ন ঘুপচিঘরের মতো। দুজন থেকে শুরু করে সাত-আটজন শ্রমিক নিয়ে একেকটি কারখানা। বিভিন্ন স্থান থেকে প্লাস্টিকের ভাঙারি এনে এখানে কাঁচামাল তৈরি করা হয়। আবার সরাসরি পণ্যও উৎপাদিত হয়। ফাতেমা নামের এক শ্রমিক ছোট ছোট বাটি বানাচ্ছে। পনেরো বছর বয়সের এই শ্রমিক কাজ করছে ছয় মাস ধরে। সাত-আট ঘণ্টা কাজ করে। ফাতেমা যে কারখানায় কাজ করছিল, সেখানে পর্যাপ্ত আলো নেই। আছে মেশিনের গরম হাওয়া। কাজের পরিবেশ নিয়ে ফাতেমা বলে, ‘সবহানেই এমন, কী করুম।’ এসব কারখানায় মহিলা ও শিশু শ্রমিক অনেক।
আটটি কারখানা ঘুরে দেখা যায়, এগুলোর অধিকাংশেরই পর্যাপ্ত আলো-বাতাস চলাচলের ব্যবস্থা নেই। কিছু কিছু কারখানায় ছোট জানালা আছে। টিনের বেড়া ও চালার কারখানায় কাজ করছিলেন চারজন শ্রমিক। দুজন কাঁচামাল পরিষ্কার করছিলেন। বাকি দুজন চুলায় প্লাস্টিক গলাচ্ছেন। মোশারফ হোসেন এ পেশায় আছেন আট বছর ধরে। তিনি বলেন, ‘এই সব কাম ৮-১০ বছরের বেশি করন যায় না। পরে সমস্যা হয়।’ কাশি ও শ্বাসকষ্টের সমস্যার কথা বললেন। তিনি আরও বলেন, এখানে আগুন লাগলে বাঁচার উপায় নেই। সবই দাহ্য পদার্থ। জীবিকার তাগিদেই তাঁরা কাজ করছেন।
নাম প্রকাশ না করার শর্তে একটি কারখানার মালিক বলেন, অনেক বছর ধরে তাঁরা ব্যবসা করে আসছেন। টুকটাক কিছু সমস্যা হলেও শ্রমিকদের প্রয়োজন বলেই সবাই কাজ করছেন। আলো-বাতাসের ব্যবস্থার ব্যাপারে বলেন, জায়গার অভাব।
তিন থেকে চার শটির মতো কারখানা আছে ছোট-বড় মিলিয়ে। কয়েকটি কারখানার মালিক বলেন, প্লাস্টিকের কারখানাগুলোর একটি সমিতি ছিল, কিন্তু এখন তা কার্যকর নয়। তবে জাফর আহমেদ রানা নামের একজন দায়িত্বে আছেন। মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিক পরিচয় শুনে কথা বলেননি।
জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের সহকারী অধ্যাপক কাজী সাইফুদ্দিন প্রথম আলোকে বলেন, প্লাস্টিকের কারখানাগুলো থেকে টক্সিক বের হয়, যা থেকে শ্বাসতন্ত্রের প্রদাহজনিত রোগ হয়। অ্যাজমার সমস্যা বেড়ে যায়। তিনি আরও বলেন, শিশুদের ফুসফুস আক্রান্ত হয়। এসব কারখানায় উন্নত বায়ু চলাচলের ব্যবস্থা থাকা উচিত।