ঝুঁকি নিয়ে বসবাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভবনটি পরিচিত পুলিশ ক্লাব নামে। পুরান ঢাকার রায়সাহেব বাজারের চারতলা এই ভবনের চতুর্থ তলার ছাদের পলেস্তারা খসে পড়ছে। তারপরও ভেতরে বাস করছেন পুলিশ বাহিনীর ২৫ সদস্য। অথচ দুই বছর আগেই এই ভবনটি বসবাসের অনুপযোগী ঘোষণা করা হয়েছিল।
জানতে চাওয়া হলে ঢাকা জেলার পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমার বিষয়টি জানা নেই। আমি ভবনটি পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।’
সরেজমিনে দেখা যায়, জরাজীর্ণ ভবনের চতুর্থ তলায় ছয়টি কক্ষ রয়েছে। পলেস্তারা খসে পড়তে থাকায় এখন আর কেউ সেখানে বসবাস করেন না। কক্ষজুড়ে ময়লার স্তূপ। আর তৃতীয় তলায় পুলিশের ২৫ জন সদস্য বসবাস করছেন। আর ভবনের দ্বিতীয় তলায় সোনালী ব্যাংকের কার্যালয়। নিচতলায় খাবার হোটেল।
তৃতীয় তলায় বসবাস করা ঢাকা জেলা পুলিশের উপসহকারী পরিদর্শক (এএসআই) মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘অল্পদিন হলো এ ভবনে এসেছি। ভবনটি ঝুঁকিপূর্ণ তা আমরা জানি। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।’
নাম প্রকাশে অনিচ্ছুক ওই ভবনে বসবাস করা পুলিশের তিনজন সদস্য বলেন, চতুর্থ তলার ছাদের পলেস্তারা খসে পড়েছে। রড দেখা যাচ্ছে। সব সময় তাঁরা ভয়ে থাকেন কখন কী ঘটে। তারপরও বাধ্য হয়ে থাকতে হয়।
ভবনের তৃতীয় তলায় টাঙানো রয়েছে ঢাকার তৎকালীন জেলা পুলিশ সুপার হাবিবুর রহমানের দেওয়া নোটিশ। ওই নোটিশে বলা আছে, ‘পুলিশ ক্লাবের তৃতীয় ও চতুর্থ তলা মেরামত না করার ফলে তা ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। জরুরি ভিত্তিতে ভবনটি মেরামত ও সংস্কার প্রয়োজন। নোটিশ পাওয়ার তিন দিনের মধ্যে ভবন খালি করার নির্দেশ দেওয়া হলো।’ ২০১৪ সালের ২৫ জুন নোটিশ দেওয়া হয়।
রায়সাহেব বাজার এলাকার বাসিন্দা আবদুর রশীদ বলেন, পুলিশ ক্লাবটির ছাদ ভেঙে যদি দুর্ঘটনা ঘটে তাহলে দায় কে নেবে?