ঝুঁকি নিয়ে বাড়ি ফিরছেন সন্দ্বীপের বাসিন্দারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘প্রচণ্ড ঢেউয়ে স্পিডবোটে পানি আছড়ে পড়ছিল। মনে হচ্ছে, এখনই বুঝি ডুবে যাচ্ছে স্পিডবোটটি। যাত্রীদের অনেকে সৃষ্টিকর্তার নাম ধরে ডাকছিলেন। ভীষণ ভয় পেয়ে যাই।’ চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা থেকে স্পিডবোটে সন্দ্বীপের গুপ্তছড়া ঘাটে ভ্রমণের এই বর্ণনা প্রথম আলোর কাছে তুলে ধরেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কাজী আশিকুর রহমান। গতকাল শনিবার সকাল পৌনে সাতটায় কুমিরা ঘাট থেকে স্পিডবোটে করে তিনি নিজ বাড়ি সন্দ্বীপে যান।
আশিকুর রহমান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘স্পিডবোটে ওঠার পর লাইফ জ্যাকেট চেয়েও পাইনি। বিপদে পড়লে উদ্ধার করার মতো কোনো ব্যবস্থাও ছিল না।’ এবার ঈদ উপলক্ষে যাঁরা সন্দ্বীপে গ্রামের বাড়ি যাচ্ছেন, তাঁদের সবার অভিজ্ঞতা এমনই। নিরাপদ যাতায়াতের ব্যবস্থা না থাকায় স্পিডবোট ও নৌযানে করে সন্দ্বীপ যেতে হচ্ছে যাত্রীদের।
চট্টগ্রাম থেকে সন্দ্বীপে অন্তত আটটি রুটে যাত্রীরা আসা-যাওয়া করেন। এর মধ্যে কুমিরা-গুপ্তছড়া নৌপথে সবচেয়ে বেশি যাত্রী আসা-যাওয়া করেন। চট্টগ্রাম শহর থেকে এই দ্বীপটিতে যাওয়ার জন্য নৌপথ ছাড়া বিকল্প কোনো ব্যবস্থা নেই।
গত শুক্রবার থেকে টানা নয় দিনের ছুটি শুরু হয়। ছুটি শুরু হলেও এখনো কুমিরা-গুপ্তছড়া ঘাটে কোনো জাহাজ বরাদ্দ দেয়নি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। আবার নগরের সদরঘাট থেকে সন্দ্বীপের গুপ্তছড়া নৌপথেও সোমবারের আগে কোনো জাহাজ নেই। ঝুঁকিপূর্ণ নৌযানে করে প্রায় ১৬ কিলোমিটার প্রশস্ত সন্দ্বীপ চ্যানেল পাড়ি দিতে বাধ্য হচ্ছেন যাত্রীরা।
বিআইডব্লিউটিসি জানায়, সপ্তাহে দুই দিন (সোম ও বৃহস্পতিবার) নগরের সদরঘাট থেকে গুপ্তছড়া ঘাট পর্যন্ত নৌপথে জাহাজ চলাচল করে। এবার ঈদ উপলক্ষে আগামী মঙ্গলবার বিশেষ ব্যবস্থায় জাহাজ চলাচলের ঘোষণা দিয়েছে সংস্থাটি।
বিআইডব্লিউটিসির উপমহাব্যবস্থাপক গোপাল চন্দ্র মজুমদার গতকাল প্রথম আলোকে বলেন, জাহাজ না থাকায় এই সংকট তৈরি হয়েছে। বৃহস্পতিবার ঈদ হলে নিয়মিত, বিশেষ ব্যবস্থাসহ তিন দিন জাহাজ চলাচল করবে এই নৌপথে। তবে সবচেয়ে বেশি যাত্রী আসা-যাওয়া করেন কুমিরা-গুপ্তছড়া নৌপথে। এই নৌপথে চালু থাকা ‘এসটিসি কাজল’ জাহাজ অকেজো হয়ে পড়ায় মেরামত করা হচ্ছে। এখন ২০০ যাত্রী ধারণক্ষমতার একটি সি-ট্রাক দেওয়ার চেষ্টা করা হচ্ছে।
বিআইডব্লিউটিসির তথ্যে দেখা যায়, ঈদের আগে তিন দিন জাহাজ থাকলেও সব মিলিয়ে যেতে পারবেন দুই হাজার যাত্রী। ‘আমরা সন্দ্বীপবাসী’ নামের একটি সংগঠনের হিসাবে, স্বাভাবিক সময়ে শহর থেকে সন্দ্বীপে প্রতিদিন তিন হাজার যাত্রী আসা-যাওয়া করেন। ঈদের আগে স্বাভাবিক সময়ের চেয়ে তিন-চার গুণ বেশি যাত্রী আসা-যাওয়া করেন।
আমরা সন্দ্বীপবাসী সংগঠনের প্রধান সমন্বয়কারী রফিকুল মাওলা প্রথম আলোকে বলেন, কুমিরা-গুপ্তছড়া ঘাটে কোনো জাহাজ না দিয়ে বিআইডব্লিউটিসি সন্দ্বীপের যাত্রীদের ঝুঁকিতে ফেলে দিয়েছে। সদরঘাট-গুপ্তছড়া রুট দিয়েও ঈদের আগে বড়জোর দুই-তিন হাজার যাত্রী সন্দ্বীপ যেতে পারবেন। অথচ এখন প্রতিদিন ১০ থেকে ১২ হাজার যাত্রী সন্দ্বীপে আসা-যাওয়া করছেন; যাঁদের বড় অংশই ঝুঁকিপূর্ণ নৌযানে সন্দ্বীপ চ্যানেল পাড়ি দিচ্ছেন।