
দীঘিনালা-খাগড়াছড়ি সড়কের বিভিন্ন স্থানে খানাখন্দ সৃষ্টি হয়েছে। এ ছাড়া একটি স্থানে সড়কের একাংশ ধসে পড়েছে। এতে যানবাহনকে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।
দীঘিনালা-খাগড়াছড়ি সড়কের ২১ কিলোমিটার অংশ ঘুরে দেখা যায়, কৃষি গবেষণা কেন্দ্র এলাকা, রাবার বাগান, পাঁচমাইল, আটমাইল, ভৈরফা, জামতলী, ভগীরথ পাড়া, বন বিহার এলাকায় সড়কে অনেক খানাখন্দ। ভৈরফা এলাকায় সড়কের একটি অংশ ধসে গেছে।
যাত্রীবাহী পিকআপের চালক রতন ত্রিপুরা ও ঊশিমং মারমা, বাসচালক মানিক মিয়া ও জিপচালক উজ্জ্বল বড়ুয়া বলেন, তাঁরা ঝুঁকি নিয়ে এ সড়কে গাড়ি চালাচ্ছেন। খানাখন্দের কারণে গাড়ি প্রচণ্ড ঝাঁকুনি খায়। এ সময় যাত্রীরা গালমন্দ করেন। সড়কে খানাখন্দ থাকায় নারী ও শিশুদের বেশি কষ্ট হয়। তাঁরা বলেন, সড়ক দিয়ে শত শত পর্যটক সাজেক যাতায়াত করেন। এই অবস্থায় সড়কটি দ্রুত সংস্কার করা দরকার।
সিএনজিচালিত অটোরিকশার চালক হেমন্ত চাকমা, আনোয়ার হোসেন ও মো. ইদ্রিছ বলেন, এ সড়কে ১২০টির মতো অটোরিকশা যাতায়াত করে। সড়কে খানাখন্দের কারণে গাড়ির যন্ত্রাংশ নষ্ট হচ্ছে। অনেক সময় গাড়ি উল্টে যাওয়ার উপক্রম হয়।
মো. এরশাদ নামের একজন যাত্রী বলেন, ‘এ সড়ক দিয়ে যাতায়াত করতে ভয় লাগে। গর্তে গাড়ি পড়লে মনে হয়, এই বুঝি গাড়ি উল্টে যাচ্ছে। কিছুদিন আগে গর্তে পড়ে একটি অটোরিকশা উল্টে কয়েকজন আহত হয়েছেন।’
খাগড়াছড়ি বাস মিনিবাস মালিক সমিতির দীঘিনালার লাইন নিয়ন্ত্রক মো. নাসির বলেন, এ সড়ক দিয়ে রাঙমাটির লংগদু, বাঘাইছড়িসহ তিনটি উপজেলা থেকে ঢাকা, চট্টগ্রাম ও ফেনীতে প্রতিদিন ১৬টি চেয়ারকোচ যাতায়াত করে। খানাখন্দের কারণে গাড়ি চালাতে সমস্যা হয়। তাই সড়কটি সংস্কার জরুরি হয়ে পড়েছে।
এ প্রসঙ্গে সড়কটির রক্ষণাবেক্ষণের দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর ১৯ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্যাটালিয়নের (ইসিবি) অধিনায়ক লে. কর্নেল তানভির হোসেন প্রথম আলোকে মুঠোফোনে বলেন, বৃষ্টির মধ্যে সংস্কারকাজ করলে কাজের মান ভালো হয় না। এ ছাড়া সড়কটি সংস্কারের জন্য এখনো বরাদ্দও পাওয়া যায়নি। বরাদ্দ পেলে দ্রুত সংস্কার করা হবে।