ঝুঁকি নিয়ে যান চলাচল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ি-মহালছড়ি-রাঙামাটি সড়কের খাগড়াছড়ি অংশে বৃষ্টির কারণে ভাঙন দেখা দিয়েছে। এ পথে ঝুঁকি নিয়ে চলছে যাত্রীবাহী যানবাহন। মহালছড়ি উপজেলার জনপ্রতিনিধিরা এ সড়ক দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন। খাগড়াছড়ি থেকে মহালছড়ি উপজেলা সদরের দূরত্ব ২৯ কিলোমিটার। এ সড়কের কমপক্ষে ৩২ জায়াগায় বড় ধরনের ভাঙন দেখা দিয়েছে। পাঁচটি জায়গার ভাঙন মারাত্মক আকার ধারণ করেছে। এ ছাড়া সড়কজুড়ে রয়েছে হাজারো ছোট-বড় গর্ত। মহালছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান সোনা রতন চাকমা বলেন, ‘সড়কটি এমনিতেই ভাঙা ছিল। বর্ষা আসার সঙ্গে সঙ্গে সড়কের ভাঙন মারাত্মক আকার ধারণ করেছে। মহালছড়ি কলেজসংলগ্ন সড়কের অংশ, চঙড়াছড়ি এলাকাসহ বেশ কিছু স্থানের ভাঙন ব্যাপক আকার ধারণ করেছে। খাগড়াছড়ি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলীর সঙ্গে দেখা করে সড়কটি দ্রুত মেরামতের অনুরোধ করেছি।’ এ সড়কে চলাচলকারী এক বাসের চালক আকবর হোসেন বলেন, ‘এ সড়কে ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়। সড়কের খাগড়াছড়ির অংশটি খুব খারাপ। যাত্রীদের সতর্ক করে দিয়ে গাড়ি চালাই।’ মহালছড়ি সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান লাব্রেচাই মারমা বলেন, মহালছড়ি-খাগড়াছড়ি সড়কটি উপজেলার একমাত্র যোগাযোগের মাধ্যম। সড়কের কিছু অংশের ভাঙনের কারণে জনসাধারণকে ভোগান্তির শিকার হতে হচ্ছে। খাগড়াছড়ি সড়ক বিভাগ-১-এর উপবিভাগীয় প্রকৌশলী জ্যোতিষ গোস্বামী বলেন, ‘এ সড়কে কোনো কোনো জায়গায় ভাঙন ও গর্ত রয়েছে এটা ঠিক। তবে বর্ষায় ভাঙন ও গর্ত বড় আকার ধারণ করায় বেশি সমস্যার সৃষ্টি হয়েছে। আমরা সড়কটি যেকোনো উপায়ে সচল রাখব। মহালছড়ি কলেজসংলগ্ন সড়কের ভাঙা অংশ গতকাল ইটের টুকরা ও বালু দিয়ে ঠিক করা হচ্ছে। চলতি অর্থবছরে সড়কটি মেরামতের জন্য ঊর্ধ্বতন মহলে প্রস্তাব দেওয়া হবে।’