কিশোরগঞ্জ শহরে পৌরসভার অধীন নরসুন্দা নদীর ওপর নির্মিত তিনটি সেতুই মেয়াদোত্তীর্ণ। এসব সেতু দিয়ে ২০-২৫ টনের অধিক ওজনের মালবাহী ট্রাক ও বাস চলাচল করছে। পৌরসভার পক্ষ থেকে সতর্কতামূলক সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়া হলেও তা অমান্য করে প্রতিদিন বাস-ট্রাক ঝুঁকিপূর্ণ ওই তিন সেতু দিয়েই চলাচল করছে।কিশোরগঞ্জ শহরের আখড়াবাজারের নড়বড়ে লোহার পুলটি (সেতু) প্রায় ৫৮ বছর আগে ব্রিটিশ আমলে তৈরি করা হয়। সওজ বিভাগ সূত্রে জানা গেছে, আখড়াবাজার লোহার পুল নির্মিত হয়েছিল ১৯৫২ সালে। ৮০ ফুট দীর্ঘ ও ৪০ ফুট প্রস্থ পুলটি নির্মাণ করেছিল সড়ক ও জনপথ বিভাগ। পুলটি অনেক আগেই সড়ক ও জনপথ বিভাগ পরিত্যক্ত ঘোষণা করেছিল। বর্তমানে পৌরসভা পুলটি রক্ষণাবেক্ষণ করে। পৌর কর্তৃপক্ষ ঝুঁকিপূর্ণ সেতুতে পাঁচ টনের অধিক ওজনের যান চলাচল নিষেধ করে সাইনবোর্ড ঝুলিয়ে দেয়। কিন্তু এসবের তোয়াক্কা না করে প্রতিদিন অসংখ্য বাস-ট্রাক চলাচল করছে।নরসুন্দা নদীর ওপর শহরের একরামপুর-পুরান থানা সেতু ও বড় বাজার সেতু দুটি স্বাধীনতার পর নির্মিত হয়। সেতু দুটি পাঁচ বছর আগে যান চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। পৌরসভার পক্ষ থেকে সেতু দুটিতে ভারী যানবাহন চলাচলে সতর্কতার ঘোষণা দেওয়া হলেও প্রতিদিন ভারী ট্রাক-বাস চলছেই।আবদুর রহিমসহ বাস ও ট্রাকের একাধিক চালক বলেন, ‘শহরে ঢোকার কোনো বিকল্প সড়ক না থাকায় ঝুঁকি নিয়েই আমাদের শহরসহ অন্য উপজেলায় ওই সেতু ব্যবহার করে যেতে হচ্ছে।’পৌর প্রকৌশল বিভাগ জানায়, প্রতিদিন অসংখ্য যানবাহন চলাচলের কারণে যেকোনো সময় আখড়াবাজার লোহার পুলটি ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে।কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মো. মাজহারুল ইসলাম বলেন, ‘আখড়াবাজার লোহার পুলের বর্তমান অবস্থা খুবই শোচনীয়। অন্য দুটি সেতুর অবস্থাও শোচনীয় পর্যায়ে রয়েছে। যেকোনো একটি সেতু ভেঙে গেলে শহরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়বে। তা ছাড়া ভারী যান চলাচল করায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। শহরে সড়ক ও নালা নির্মাণের কাজ পুরোদমে চলছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়কে সেতু তিনটির বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে। আশা করি, সড়ক ও নালা নির্মাণের পর চলতি অর্থবছরেই সেতুর কাজ শুরু করতে পারব।’