
‘হরতাল-অবরোধ যা-ই হোক, আমাগের তো ডেলি আসাই লাগে। আমরা না আলি পরে ঢাহার লোক খাবেটা কী।’ সোমবার রাতে রাজধানীর কারওয়ান বাজারের আড়ত এলাকায় বলছিলেন কুষ্টিয়া থেকে আসা ট্রাকচালক শফিকুল ইসলাম।
গত কয়েক দিনে একাধিকবার অবরোধকারীদের সামনে পড়েছেন শফিকুল। পিকেটাররা তাঁর ট্রাকে ঢিল মেরে কাচ ভেঙে দিয়েছে। এক দিন ধাওয়া খেয়ে আধা কিলোমিটারের বেশি পথ পেছন দিকে চালাতে হয়েছে।
অবরোধকারীদের পাশাপাশি মহাসড়কে চলছে দুর্বৃত্তদের দৌরাত্ম্য। এসব কারণে ট্রাকের ভাড়া বেড়ে গেছে অনেক। আর বেশি লাভের টানে ঝুঁকি নিয়ে প্রতিদিন সবজির চালান নিয়ে রাজধানীতে আসছেন শফিকুল ইসলামের মতো অনেক ট্রাকচালক। শেষ পর্যন্ত বাড়তি ভাড়ার জের টানতে হচ্ছে সাধারণ ক্রেতাকে।
কারওয়ান বাজারের সবজি ব্যবসায়ীরা বলছেন, হরতাল-অবরোধ যত কড়া, ট্রাকের ভাড়া তত বেশি। এখন একটি বড় ট্রাকে ৮ থেকে ১০ হাজার টাকা বেশি ভাড়া গুনতে হচ্ছে।
শফিকুল জানান, প্রতিদিন সন্ধ্যায় তিনি একটি মিনিট্রাকে নানা ধরনের সবজি ভরে কুষ্টিয়া থেকে রওনা দেন। ফাঁকা মহাসড়কের কারণে ঢাকা আসতে লাগে চার ঘণ্টা। গত ৩০ নভেম্বর সন্ধ্যায় কুষ্টিয়া থেকে আসার পথে শেখপাড়ায় একদল অবরোধকারী ঢিল ছুড়েছে। তবে তিনি গাড়ি থামাননি। ট্রাকের উইন্ডশিল্পে (সামনের কাচ) বড় গোল ফুটো হয়েছে। পরের দিন একই জায়গায় আবারও অবরোধকারীরা চড়াও হয়। তারা গাড়ি ভাঙতে এলে আধা কিলোমিটার পিছিয়ে যান শফিকুল।
ঈশ্বরদীর একটি খামার থেকে প্রতিদিনই একইভাবে সবজি নিয়ে আসেন আরেক ট্রাকচালক। খামারটি ঈশ্বরদীতে বেশ পরিচিত বলে চালক নিজের নাম প্রকাশ করতে চাননি। তিনি জানান, গত শনিবার রাত দুইটার দিকে বনপাড়া মহাসড়কে গাছ ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে একদল দুর্বৃত্ত। তারা ইটপাটকেলও ছোড়ে। ঢাকা থেকে পাঁচটি ট্রাক একসঙ্গে যাচ্ছিল। চারটি ট্রাক ফাঁক গলে বের হতে পারলেও তিনি আটকা পড়েন। পরে রাস্তা বন্ধ করা লোকগুলো ট্রাকে উঠে সহকারীকে মারধর করে ১০ হাজার টাকা ছিনিয়ে নেয়। ওই ঘটনার পরদিনই আবার সবজি নিয়ে ঢাকায় এসেছেন এই চালক।
ট্রাকচালকেরা বলছেন, অবরোধের সুযোগে মহাসড়কে ডাকাতিও চলছে সমানতালে। কোনো কোনো গাড়িতে আগুন দেওয়ার আগে অবরোধকারীরা টাকা-পয়সা ও মুঠোফোন ছিনিয়ে নিয়ে গেছে বলেও কেউ কেউ অভিযোগ করেন।
কারওয়ান বাজারের ব্যবসায়ীরা বলছেন, কুষ্টিয়া, যশোর, পাবনা, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মানিকগঞ্জ, রাজবাড়ী—এসব এলাকা থেকে কিছু সবজি এলেও উত্তরবঙ্গ থেকে সবজি আসা বন্ধ। অবরোধের আগে সবজি নিয়ে আসার সময় বগুড়া ও টাঙ্গাইলে আটকে পড়া কয়েকটি ট্রাক দুই দিন পরে কারওয়ান বাজারে পৌঁছায়। ওই সব ট্রাকের অর্ধেকের বেশি ফুলকপি ও পটোল ফেলে দিতে হয়েছে। বাকিগুলো বিক্রি হয়েছে অর্ধেকের কম দামে। ব্যবসায়ীরা বলছেন, এভাবে রাজধানীতে কৃষিপণ্যের সরবরাহ বিঘ্নিত হলে দাম আরও বাড়বে।