ঝুঁকি নিয়ে সেতু পারাপার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির দীঘিনালায় মাইনী নদীর ওপর নির্মিত একটি ঝুলন্ত সেতুর ১৫ কাঠের তক্তা ভেঙে গেছে। পচে গেছে অনেক তক্তা। এ কারণে মানুষকে ঝুঁকি নিয়ে সেতু পার হতে হচ্ছে।
উপজেলার বোয়ালখালী ও কবাখালী ইউনিয়নের মধ্যে সংযোগ সৃষ্টি করেছে এই ঝুলন্ত সেতু। সেতুর এক পাশে বোয়ালখালী পুরোনো বাজার, অন্য পাশে কবাখালীর হাচিনসনপুর।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সূত্র জানায়, ঝুলন্ত সেতুটির দৈর্ঘ্য দেড় শ মিটার। গত মে মাসে ১ লাখ ৯ হাজার টাকায় সেতুর ৫০ মিটার পর্যন্ত সংস্কার করা হয়।
এলজিইডি কার্যালয়ের কার্যসহকারী অমরেশ চাকমা বলেন, ‘সেতুটি সংস্কার করতে দরকার ছিল সাড়ে চার লাখ টাকা। কিন্তু আমরা বরাদ্দ পেয়েছি মাত্র এক লাখ টাকা। এ টাকায় সেতুর কিছু অংশ সংস্কার করা হয়েছে।’ তিনি বলেন, সেতুর ভেঙে যাওয়া তক্তাগুলো পাল্টে দেওয়া হবে।
গতকাল বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, হাচিনসনপুর উচ্চবিদ্যালয়ের ১০-১৫ জন শিক্ষার্থী সেতু পার হচ্ছে। এ সময় সেতুটি এদিক-ওদিক দুলছিল।
মো. আবুল কালাম, সাবরিনা সুলতানা ও সাধন ত্রিপুরাসহ হাচিনসনপুর উচ্চবিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী বলল, ঝুঁকি নিয়ে তাদের সেতু পার হতে হয়। সেতু পার হওয়ার সময় তক্তা ভেঙে নদীতে পড়ে তাদের কয়েকজন সহপাঠী আহত হয়েছে।
হাচিনসনপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবপ্রিয় বড়ুয়া বলেন, সেতুটি পার হয়ে প্রতিদিন আট শতাধিক শিক্ষার্থী বিদ্যালয়ে আসে। তিনি বলেন, সেতুটির এক পাশে সংস্কার করতে করতে অন্য পাশের তক্তা ভেঙে যায়। সেতুটি পুরোপুরি সংস্কার করা দরকার।
এ প্রসঙ্গে কথা বলতে কার্যালয়ে গিয়ে এলজিইডির উপজেলা প্রকৌশলী মো. ওসমান গনিকে পাওয়া যায়নি। মুঠোফোনে বেশ কয়েকবার যোগাযোগ করেও তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
উপজেলা পরিষদের চেয়ারম্যান নব কমল চাকমা বলেন, গুরুত্বপূর্ণ এ সেতুটি পুরোপুরি সংস্কারে কী ব্যবস্থা নেওয়া যায়, সে ব্যাপারে চিন্তাভাবনা চলছে।