ঝুঁকি নিয়ে সেন্ট মার্টিন থেকে ফিরেছেন ৬৪০ জন পর্যটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরূপ আবহাওয়ার কারণে কক্সবাজারের টেকনাফের সেন্ট মার্টিন দ্বীপে আটকে পড়া ৬৪০ জন পর্যটক ঝুঁকি নিয়ে গতকাল শনিবার ট্রলার ও স্পিডবোটযোগে টেকনাফে ফিরেছেন। ৩ নম্বর সতর্কসংকেতের কারণে গত শুক্রবার থেকে টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রয়েছে।
গত বৃহস্পতিবার সকালে ৭টি জাহাজ ও ১৭টি ট্রলারযোগে ৫ হাজারের বেশি পর্যটক টেকনাফ থেকে সেন্ট মার্টিন বেড়াতে যান। সেদিন বিকেলে ৩ হাজার ৫০০ পর্যটক টেকনাফ ফিরে এলেও দেড় হাজার পর্যটক দ্বীপে থেকে যান। কিন্তু পরদিন বঙ্গোপসাগরে সৃষ্ট সঞ্চালনশীল মেঘমালার কারণে ৩ নম্বর সতর্কসংকেত জারি করে আবহাওয়া অধিদপ্তর। এরপর উপজেলা প্রশাসন শুক্রবার সকাল থেকে টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে জাহাজ চলাচল বন্ধ করে দেয়।
টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে যাত্রী পারাপারে নিয়োজিত সার্ভিস বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ ছৈয়দ আলম প্রথম আলোকে জানান, গতকাল বেলা তিনটা পর্যন্ত ১৫টি স্পিডবোটে (প্রতিটিতে ৮ জন করে ১২০) ও ১৩টি ট্রলারে (প্রতিটিতে ৪০ জন করে ৫২০) ৬৪০ জন পর্যটক টেকনাফে ফিরে এসেছেন।
সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুর আহমদ বলেন, জীবনের ঝুঁকি নিয়ে সাড়ে ছয় শতাধিক পর্যটক ট্রলার ও স্পিডবোটযোগে টেকনাফ ফিরে যান। দ্বীপে এখনো সাড়ে আট শতাধিক পর্যটক আছেন।
সেন্ট মার্টিন থেকে ট্রলারযোগে টেকনাফে আসা চট্টগ্রামের কর্নেলহাটের কলেজছাত্র মুজিবুর রহমান বলেন, ‘বিশাল বিশাল ঢেউয়ের তোড়ে ট্রলারটি উল্টে যাওয়ার উপক্রম হচ্ছিল। বলতে গেলে মরতে মরতে বেঁচে গেলাম। ভয়ে অনেকে কান্নাকাটি শুরু করে দেয়। বমিও করেছে অনেক যাত্রী।’
পর্যটকবাহী জাহাজ কেয়ারি সিন্দাবাদের টেকনাফের ব্যবস্থাপক শাহ আলম বলেন, সতর্কসংকেত বলবৎ থাকায় গতকালও কোনো জাহাজ সেন্ট মার্টিন যেতে পারেনি।
কোস্টগার্ডের সেন্ট মার্টিন স্টেশনের দায়িত্বে থাকা সাব-লেফটেন্যান্ট মোহাম্মদ আবুল হাশেম বলেন, সকালের দিকে ট্রলারে করে কিছু পর্যটক সেন্ট মার্টিন ছেড়ে গেছেন বলে তাঁরা শুনতে পান। বিষয়টি জানার পর আর কোনো ট্রলারকে সেন্ট মার্টিন ছেড়ে যেতে দেওয়া হয়নি।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শফিউল আলম প্রথম আলোকে বলেন, যাঁরা দ্বীপে আটকা পড়েছেন, তাঁদের খোঁজখবর নেওয়া হচ্ছে।