ঝুঁকি নিয়ে সেন্ট মার্টিন যাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রচণ্ড ঝুঁকি নিয়ে সমুদ্রপথে কক্সবাজারের টেকনাফ থেকে সেন্ট মার্টিন আসা-যাওয়া করছেন পর্যটকেরা। প্রতিদিন পাঁচটি লঞ্চ ও অর্ধশতাধিক ট্রলারে ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী বোঝাই করে চলছে এই পারাপার। পর্যটকদের উপচে পড়া ভিড়ের সুযোগ কাজে লাগিয়ে জাহাজ কর্তৃপক্ষ শুরু করেছে এ ব্যবসা। জনপ্রতি (আসা-যাওয়া) টিকিটের নির্ধারিত মূল্য ৪৫০ টাকার স্থলে হাতিয়ে নেওয়া হচ্ছে ৫০০ থেকে এক হাজার ৩০০ টাকা।গতকাল শনিবার সকাল সাড়ে নয়টায় ধারণক্ষমতার অতিরিক্ত পর্যটক বোঝাই করার কারণে এলসিটি কুতুবদিয়া ও এমভি ফারহান ক্রুজ জাহাজকে ৩০ হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। কক্সবাজার হোটেল-মোটেল গেস্টহাউস মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কাশেম সিকদার জানান, বর্তমানে শহরে দুই লাখের মতো পর্যটক অবস্থান করছেন। এ কারণে একুশে ফেব্রুয়ারি পর্যন্ত শহরের আড়াই শতাধিক হোটেল-মোটেল, গেস্টহাউস ও কটেজ অগ্রিম বুকিং হয়ে গেছে। এর মধ্যে অন্তত ১৫ হাজার পর্যটক প্রতিদিন সেন্ট মার্টিন ভ্রমণে যাচ্ছেন।সেন্ট মার্টিন দ্বীপ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফিরোজ আহমদ খান জানান, হাজার হাজার মানুষ রাতের বেলায় দ্বীপের সৈকতে আড্ডা দেওয়া ও হইচই করায় জীববৈচিত্র্য ধ্বংসসহ গভীর সমুদ্র থেকে আসা কচ্ছপের ডিম পাড়ায় সমস্যা হচ্ছে।সংশ্লিষ্ট সূত্র জানায়, গত বুধবার সকাল নয়টায় ঈগল-১ জাহাজে ওঠার সময় একটি কাঠের জেটি ভেঙে শতাধিক পর্যটক নাফ নদে পড়ে ৩১ জন পর্যটক আহত হন। অতিরিক্ত পর্যটক বোঝাই প্রসঙ্গে ঈগল-১ জাহাজের সহকারী ব্যবস্থাপক আনোয়ার হোসেন জানান, পর্যটকদের উপচে পড়া ভিড় সামাল দেওয়া যাচ্ছে না। কক্সবাজার ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশনের (টুয়াক) সহসভাপতি তোফায়েল আহমদ জানান, সেন্ট মার্টিনে পর্যটক সীমিত রাখার ব্যাপারে সরকারের সিদ্ধান্তে আমরাও একমত। আমরাও চাই সেন্ট মার্টিনে পরিবেশের ভারসাম্য রক্ষা হোক। টেকনাফের ইউএনও আ ন ম নাজিম উদ্দিন ঝুঁকি নিয়ে যাত্রী পারাপারের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘যখনই জাহাজগুলোয় অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের খবর পাই, তখনই ঘটনাস্থলে গিয়ে অভিযান চালাই।’ সেন্ট মার্টিন দ্বীপ ইউপির চেয়ারম্যান ফিরোজ আহমদ খান জানান, বিপুলসংখ্যক পর্যটকের ফেলে দেওয়া ময়লা-আবর্জনায় দ্বীপটি নোংরা হয়ে যাচ্ছে।