ঝুঁকি নিয়ে সড়ক পারাপার

রাস্তা পার হওয়ার জন্য নার্গিস আক্তার দৌড় দিলেন। কিন্তু মাঝপথে পৌঁছাতে না পৌঁছাতেই এসে পড়ল বাস। চালক ব্রেক করায় অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন তিনি। এ দৃশ্য দেখে এক পথচারী এই নারীর উদ্দেশে বলেন, ‘অল্পের জন্য বেঁচে গেলেন।’ জবাবে নার্গিস আক্তার ক্ষিপ্ত হয়ে বলেন, ‘আর কত দিন জীবন হাতে নিয়ে পার হব। ফুটওভার ব্রিজ থাকলে এভাবে পার হতে যেতাম না।’ গতকাল শুক্রবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম হাইওয়ে রোডের হানিফ ফ্লাইওভারের গোড়ার (দনিয়া) চিত্র এটি।
এলাকাবাসী বলেন, প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে রাজধানীর দনিয়া এলাকার লোকজন এই মহাসড়কের বিভাজকের ফাঁক দিয়ে পার হয়ে কাজলা এলাকায় যায়। আর কাজলা এলাকার লোকজনও একই ফাঁক দিয়ে দনিয়া এলাকায় আসে। দুই পারের লোকজনের যাতায়াতের আর কোনো পথ নেই। ফলে প্রায়ই সেখানে দুর্ঘটনা ঘটে। এলাকাবাসী বলেন, হানিফ ফ্লাইওভারের গোড়ায় একটা পদচারী-সেতু নির্মাণ করলে দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাবে এলাকাবাসী।
১৭ বছর ধরে কাজলা পেট্রলপাম্পের সামনে ফলের দোকানদারি করেন দুলাল। তিনি বলেন, রাস্তা পার হতে গিয়ে পথচারী প্রায় প্রতিদিনই এখানে দুর্ঘটনায় পড়ছে। একই কথা বলেন যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান। গতকাল তিনি প্রথম আলোকে বলেন, ‘ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভাজকের ফাঁক দিয়ে পারাপার হতে গিয়ে প্রায়ই দুর্ঘটনা ঘটে।’
গতকাল সরেজমিনে দেখা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভাজকের ফাঁক (হানিফ ফ্লাইওভারের গোড়ায়) দিয়ে শত শত লোকজন জীবনের ঝুঁকি নিয়ে পার হচ্ছে।
দনিয়ার বাসিন্দা আবুল কালাম বলেন, এই সড়ক দিয়ে প্রতিদিন বড় বড় বাস, ট্রাক চলাচল করে। সব সময় ভিড় লেগেই থাকে। বিভিন্ন প্রয়োজনে প্রতিদিন কাজলায় যেতে হয়। সড়ক বিভাজকের ওই ফাঁক দিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বেলাল প্রথম আলোকে বলেন, উড়ালসড়কের গোড়ায় পদচারী-সেতু নির্মাণ করা হবে। নকশার কাজ চলছে।